ইয়েমেনের আল-ওয়েহদাহ স্কুলের সৌভাগ্যবান শিক্ষার্থীরা
যুদ্ধে প্রায় বিধ্বস্ত ইয়েমেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিছুর সঙ্গে দেশটির পুরো শিক্ষাব্যবস্থা। অবিরত গুলি আর মুহুর্মুহু বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্কুলভবনগুলো। ধ্বংসস্তূপ দেখলে কোনোভাবেই মনে হবে না সেখানে পড়াশোনা হতো।
তবে বোমার আঘাতে গুঁড়িয়ে যাওয়া শ্রেণিকক্ষে আবার ফিরতে শুরু করেছে শিশুরা। কোনোভাবে টিকে থাকা কংক্রিটের ওপর আবার পাটি-মাদুর বিছিয়ে পড়ছে শিশুরা। আর তাদের চোখে ভবিষ্যতের স্বপ্ন বুনে দিচ্ছেন শিক্ষকেরা। শিশুদের ক্লাসে ফেরা নিয়ে সম্প্রতি এএফপি একটি প্রতিবেদন করেছে। সেখানে বলা হয়েছে, ক্লাসে ফেরা শিশুরা আবার পড়ায় মন দিতে চায়।
যুদ্ধের কারণে অনিশ্চিত হয়ে পড়া শিশুদের জন্য নতুন শিক্ষাবছর শুরু করল মধ্যপ্রাচ্যের দেশটির শিক্ষার্থীরা। যে যার মতো পোশাক পরেই প্রথম দিন (গত বুধবার) স্কুলে হাজির। ধ্বংসস্তূপে পরিণত স্কুলের যতটুকু অক্ষত আছে, তাতেই শুরু হলো ক্লাস। ইয়েমেনের তৃতীয় বৃহত্তর শহর টিয়াজের কাছে একটি স্কুলে এমন দৃশ্য দেখা গেল। শিশুদের কলতানে মুখরিত এলাকা। ক্লাসের ফাঁকে খুনসুটিতে মেতেছে শিশুরা।
এএফপির খবরে বলা হয়েছে, টিয়াজের আল-ওয়েহদাহ স্কুলে নেই কোনো দরজা, নেই জানালা। চেয়ার, টেবিল বা ডেস্কও নেই। মেঝেতে বসেই ক্লাস করছে শিশুরা। আর এক চিলতে দেয়ালকে ব্ল্যাকবোর্ড বানিয়ে শিশুদের পড়াচ্ছেন শিক্ষকেরা। পড়া চলছে পুরোনো বইতেই
গত বৃহস্পতিবার নতুন শুরু হওয়া শিক্ষা বছরে ইয়েমেনের এক-তৃতীয়াংশ শিশু স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না। সেদিক থেকে আল-ওয়েহদাহ স্কুলের শিক্ষার্থীরা সৌভাগ্যবানই।
২০১৬ সালে বিমান হামলায় ধ্বংস হয় স্কুলটি। মাইন পোঁতা এলাকার মাঝখানে আল-ওয়েহদাহর স্কুল। স্কুলে শিক্ষার্থীদের আসা-যাওয়ার পথের মাইনগুলো অপসারণ করা হয়েছে। ২০১৪ সাল থেকে ইয়েমেনে দুপক্ষের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। সরকারি বাহিনীর সঙ্গে হুতি বিদ্রোহীদের এ যুদ্ধে মারা গেছে হাজার হাজার লোক, উদ্বাস্তু হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।
আলী সুলতানের সন্তানও এই স্কুলে পড়তে গেছে। দক্ষিণ-পশ্চিম দিকের শহরে এক লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘আমরা একটি কঠিন সময়ের মুখোমুখি। হয় শিশুদের বাড়িতে রেখে দিতে হবে বা এই ধ্বংসস্তূপে পড়াশোনা করতে পাঠাতে হবে। আবার স্কুলে পাঠানো নিয়েও ঝুঁকিতে আমরা। কারণ হামলার ভয়।’
টিয়াজ প্রদেশের শিক্ষাবিষয়ক পরিচালক আবদেল ওয়াসে চাদ্দাদ বলেন, টিয়াজ শহরে ৪৭টি স্কুল আছে। এগুলো লড়াইয়ের কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
আবদেল ওয়াসে চাদ্দাদ বলেন, এ স্কুলগুলো বন্ধ করতে আমরা বাধ্য হয়েছিলাম। শিক্ষার্থীদেরও অন্য কোনো এলাকায় চলে যেতে হয়েছিল। তারা অন্যত্র থাকার ব্যবস্থা করতে বাধ্য হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, এদের সবার আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। কিছু কিছু শিশুকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে (স্কুলে) আসতে হয়।
প্রজন্ম রক্ষায় শিক্ষকেরা
জামিলা আল-ওয়াফি ক্লাসে শিশুদের পড়াচ্ছেন। ক্লাসে ব্ল্যাকবোর্ডের পরিবর্তে বিমে পেনসিল দিয়ে লেখার কাজ সারছেন। মেঝেতে বসে থাকা শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে তাঁর লেখা দেখে খাতায় টুকে নিচ্ছে। শিশুরা অনুশীলন বইয়ে সতর্কতার সঙ্গে শিক্ষকের নোটগুলো টুকে নিচ্ছে।
পড়া শেষ হয়ে গেলে শিশুরা একটি ধসে পড়া ছাদের নিচে যায়। জায়গাটি শ্রেণিকক্ষ থেকে নিচতলায় সিঁড়ি হিসেবে কাজ করে। বাচ্চারা স্কুলে এসে কিছু হালকা অনুশীলন করে। তারপর ক্লাস শুরুর জন্য অপেক্ষা করে চুপটি মেরে বসে থাকে।
বোরকা পরা জামিলা ওয়াফি বলেন, ‘এখানে আমাদের ৫০০ জন শিক্ষার্থী আছে।’ এখানকার স্কুলগুলো রক্ষার জন্য পুরো বিশ্ব এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, এটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে।
জামিলা ওয়াফি বলেন, ‘আল-ওয়েহদাহ স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য বিকল্পগুলো খুব সীমিত। যদি আমরা শিক্ষাবঞ্চিত শিক্ষার্থীদের হারিয়ে যাওয়া প্রজন্মকে আটকাতে পারি, তাহলে বিপদ কাটিয়ে ওঠা সম্ভব হবে।
ইয়েমেন সরকারের পক্ষে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট যোগ দিলে আরও বেশি ভয়াবহতা তৈরি হয়। সৌদি জোটের বিমান হামলায় এ যুদ্ধে হতাহতের ঘটনা বাড়িয়ে তোলে।
জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধের কারণে ইয়েমেনের ৭০ লাখ শিশু মোটেই স্কুলে যেতে পারে না। আক্রমণের কারণে দুই-তৃতীয়াংশ স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কিছু কিছু স্কুল সেনাবাহিনী লোকদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। ইয়েমেনে সংঘাতের কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইয়েমেন যুদ্ধে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধের কারণে সহায়-সম্বল হারানো ও বাস্তুচ্যুত হওয়ায় ইয়েমেনের ৮০ শতাংশেরও বেশি মানুষের সাহায্যের প্রয়োজন। এটাকে খারাপ মানবিক সংকট হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ।