ডেন্টালে ভর্তি পরীক্ষা কাল, প্রবেশপত্র ডাউনলোড শেষ আজই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাক্তার
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে পিছিয়ে যাওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের স্থগিত হওয়া পরীক্ষার তারিখ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার জন্য গত ৬ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটগুলোতে প্রথম বর্ষ বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা কোভিড-১৯ প্রটোকল বা কোভিড-১৯ ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির মতামত অনুযায়ী সব ধরনের স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে করোনা পরিস্থিতিতে দফায় দফায় পিছিয়ে যাওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রাথমিক অনুমোদন দিয়েছিল।

গত ৬ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। তবে এদিন ভর্তি পরীক্ষার নতুন কোনো তারিখ জানানো হয়নি।

সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন আবেদন করেছেন। সে হিসাবে এবারের পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৭ শিক্ষার্থী।