ঢাবির ‘খ’ ইউনিটেও ‘সুষ্ঠু’ পরীক্ষা, কারাগারে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

কারাগার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থী। গতকাল শুক্রবার অনুষ্ঠিত বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের মতো ‘খ’ ইউনিটের পরীক্ষাকে কেন্দ্র করেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সারা দেশে ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে’ পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। এবারই প্রথমবারের মতো ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ‘খ’ ইউনিটে এবার ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ৪৭ হাজার ৬৩২ জন (প্রতি আসনের জন্য ২০ জন)। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর বাইরের মোট ৬৮টি কেন্দ্রে আজ শনিবার ‘খ’ ইউনিটের পরীক্ষা হয়।

আজ বেলা ১১টায় সারা দেশে একযোগে ‘খ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়। সকালে উপাচার্য মো. আখতারুজ্জামান, সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদস্থ ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের কলাভবনসহ ঢাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে যোগাযোগ করা হলে প্রথম আলোকেও একই কথা বলেন উপাচার্য।

এদিকে কাশিমপুর কারাগারে থাকা একজন শিক্ষার্থী ‘খ’ ইউনিটের আজকের পরীক্ষায় অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘একজন শিক্ষার্থী কারাগার থেকে পরীক্ষা দিয়েছেন। বিভিন্ন অভিযোগে কারাগারে থাকা ওই শিক্ষার্থীর পরীক্ষা নিতে বিজ্ঞ আদালতের আদেশবিষয়ক একটি চিঠি আমরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে পাই।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কার্যালয়গুলো সমন্বয় করে যথাসময়ে তাঁর পরীক্ষা নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও একজন কর্মকর্তা কারাগারে গিয়ে যথানিয়মে ভর্তি-ইচ্ছুক ওই শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছেন।’