ঢাবির খ ইউনিটের পরীক্ষায় পরিদর্শকের ‘ভুল’, দুশ্চিন্তায় এক পরীক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত খ ইউনিটে গতকাল শনিবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক ছাত্রী অভিযোগ করেছেন, পরীক্ষাকেন্দ্রের এক পরিদর্শক ভুলে তাঁর খাতার বহুনির্বাচনী অংশের ওএমআরের পরিবর্তে লিখিত অংশের ওএমআর ছিঁড়ে ফেলেছেন। পরে নতুন খাতা দিতে ২০ মিনিট দেরি করেছেন তিনি। এমন পরিস্থিতিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে দীর্ঘদিন যে পরিশ্রম করেছেন, তা বৃথা হয়ে যাচ্ছে বলে আক্ষেপ করেছেন ওই পরীক্ষার্থী।
এ বিষয়ে গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন আবদুল বাছির বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী সাদিয়া আফরিন নিঝুম। তাঁর ভর্তি পরীক্ষার রোল নম্বর ছিল ৩১১৩৪৯৭।
লিখিত অভিযোগে সাদিয়া আফরিন বলেছেন, ‘আমি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৩০৬ নম্বর কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছি। যথাসময়ে পরীক্ষা শুরু করেছি। ওই কক্ষের পরিদর্শক ছিলেন এক নারী। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, তিনি ভুলক্রমে বহুনির্বাচনী ওএমআরের পরিবর্তে লিখিত অংশের ওএমআর ছিঁড়ে ফেলেছেন। আমি পুনরায় একই বহুনির্বাচনী ওএমআরে পরীক্ষা দিতে চাইলেও আমাকে দিতে দেওয়া হয়নি। নতুন খাতা এনে দিতে ২০ মিনিট দেরি হয়। আমাকে আবার নতুন করে ওএমআরসহ উত্তরগুলো পূরণ করতে হয়েছে। কক্ষ পরিদর্শকের ভুলের কারণে আমি মানসিকভাবে বিচলিত হয়ে পড়ি। শেষ ২০ মিনিটে আমাকে সম্পূর্ণ পরীক্ষা শেষ করতে হয়েছে। সময়ের জন্য লিখিত পরীক্ষাও সম্পূর্ণ করতে পারিনি। একজন নিয়মিত ছাত্রী হিসেবে আমার দীর্ঘদিনের পরিশ্রম বৃথা হয়ে গেল। আমি আমার কাঙ্ক্ষিত পরীক্ষাটি দিতে পারিনি।’
বিষয়টি বিশ্লেষণ করে প্রয়োজনে দ্বিতীয়বার পরীক্ষা নিয়ে হলেও অথবা এই ক্ষতির জন্য প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়া দরকার, তা বিবেচনা করার আহ্বান জানানো হয় ওই অভিযোগে।
এ বিষয়ে কলা অনুষদের ডিন আবদুল বাছির আজ রোববার প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি দেখছেন।