ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ভর্তি পরীক্ষা ২৭ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্গত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৭ আগস্ট শুক্রবার। ওই দিন এ পরীক্ষা সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার (১ জুন) উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণসংক্রান্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

ভর্তি পরীক্ষার সময় ১ ঘণ্টা, নম্বর ১০০, পাস নম্বর ৪০ এবং পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে শুধু নারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এই ইউনিটে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া ১৫ জুন থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ৩১ জুলাই।

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং শুধু ২০২০ সালের বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা কারিগরি শিক্ষা বোর্ড বা মাদ্রাসা বোর্ড বা এ-লেভেল বা সমমানের বিদেশি ডিগ্রিধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তির আবেদন ফি ৬৫০ (ছয় শ পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি-ইচ্ছুক আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৫.৫ হতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫-এর কম হলে আবেদন করা যাবে না।

অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রথম আলো ফাইল ছবি

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য http://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ঢাবি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।