নবমে ভর্তি-রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত, কারণ অনিবার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম শ্রেণির ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল সোমবার নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিতসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণির ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন পাঠদানের অনুমতি ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ/প্রধান শিক্ষককে এ বিষয়ে অবহিত করা হয়েছে। অনিবার্য কারণে ভর্তি-রেজিস্ট্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হলে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

এর আগে ১২ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরুর কথা বলা হয়েছিল। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেওয়ার কথাও বলা হয়েছিল। নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করার কথাও বলা হয়েছিল বিজ্ঞপ্তিতে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। ‘সোনালী সেবা’র মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না।

শিক্ষা বোর্ড জানিয়েছে, ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায়দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে। এখন আপাতত নবম শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ করা হয়েছে।