প্রকৌশল গুচ্ছের দ্বিতীয় দফায় ভর্তি আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট, কুয়েট ও রুয়েট) দ্বিতীয় দফায় আজ সোমবার ভর্তিপ্রক্রিয়া শুরু হবে। সম্প্রতি তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রকৌশল গুচ্ছের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রকাশিত মেধাতালিকা থেকে ৫ ও ৬ ডিসেম্বর প্রথম পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করানো হয়। ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রাপ্ত বিভাগ ও বিশ্ববিদ্যালয় এবং বিভাগওয়ারি শূন্য আসনসংখ্যা সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে দেওয়া হয়েছে। প্রথম দফায় ভর্তির পর আসন খালি থাকায় দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেধাক্রমধারী শিক্ষার্থীদের ২০ ডিসেম্বর সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ভর্তির জন্য নিরীক্ষা কমিটির কাছে উপস্থিত হতে বলা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দ্বিতীয় দফায় ক গ্রুপে ৩০৮১ থেকে ৪৫০০ মেধাক্রম এবং খ গ্রুপে ১০১ থেকে ৩০০ মেধাতালিকার প্রার্থীদের ডাকা হয়েছে। এ মেধাক্রমের ভিত্তিতে নিরীক্ষা কমিটির কাছে উপস্থিত শিক্ষার্থীদের আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি করানো হবে। আসনসংখ্যার চেয়ে বেশি শিক্ষার্থী উপস্থিত হলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী একটি তালিকা সংরক্ষণ করা হবে। পরবর্তী সময়ে ওই তালিকা থেকে আসন খালি হওয়া সাপেক্ষে ভর্তির জন্য শিক্ষার্থীদের পর্যায়ক্রমে ডাকা হবে।

ভর্তি কার্যক্রম চুয়েট, কুয়েট এবং কয়েটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী যে কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন, ওই কেন্দ্রেই উপস্থিত হয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

শিক্ষার্থীদের করণীয়

*বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেধাক্রমধারী শিক্ষার্থীরা Online Admission Form ও তাঁদের প্রদান করে তথ্য ও পছন্দক্রম ১৯ ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত প্রয়োজনে পরিবর্তন করতে পেরেছেন। ওই সময়ের পর ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের Online Admission Form লক হয়ে যাবে। এরপর অনলাইনে আর কোনো তথ্য বা পছন্দক্রম পরিবর্তন করা যাবে না। তবে শুধু ভর্তির দিন নিরীক্ষা বোর্ডের সামনে কোনো প্রকার ভুলত্রুটি থাকলে সংশোধন করা যাবে।

*পরদিন শিক্ষার্থীদের প্রাপ্ত বিভাগ ও বিশ্ববিদ্যালয় দেখে কেবল ভর্তি কমিটির অনুমোদন করা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্ধারিত ১৮ হাজার ৫০০ টাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশিত ব্যাংকে বেলা তিনটার মধ্যে জমা দিতে হবে।

*দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়াসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। এ ছাড়া অফিস চলাকালে ০১৭৫৯১২৩১০৩ (চুয়েট), ০১৭৯৯২৭৩৬৫৫ (কুয়েট) ও ০১৪০১৮৪৫১২৭ (রুয়েট) নম্বরে যোগাযোগ করা যাবে।