বিএসএমআরএএইউতে ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে (বিএসএমআরএএইউ) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তির প্রাথমিক আবেদন শেষে যোগ্য প্রার্থীদের এ তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ৫ হাজার ৩২ জন শিক্ষার্থী এ তালিকায় স্থান পেয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের ২টি বিষয়ের প্রতিটিতে ৩০ জন করে মোট ৬০ জন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে (বিএসএমআরএএইউ)।
অনলাইনের মাধ্যমে গত ২০ জুন ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়। ভর্তির আবেদন চলে ৬ জুলাই রাত ১২টা পর্যন্ত। এরপর গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার নির্দেশিকা অনুযায়ী, আগামী ৭ আগস্ট ঢাকাসহ তিনটি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।