বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু, এখন অপেক্ষা ঢাবি–বুয়েট–রাবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। এবার তা শুরু হলো। গতকাল শুক্রবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা হয়েছে। এখন অন্য বিশ্ববিদ্যালয়েও দ্রুত ভর্তি পরীক্ষা শুরু হবে, এই আশায় আছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

করোনার কারণে দুইবার ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করে বিইউপি। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হয়। আজ শনিবার সকালে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদ এবং বিকেলে বিজনেস অনুষদের ভর্তি পরীক্ষা হবে। এ পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে বিইউপিতে এই সেশনের ভর্তি পরীক্ষা। এরপরই বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা ঘোষিত সময়ের মধ্য হোক, শিক্ষার্থীদের চাওয়া এটাই।

বিইউপির ভর্তি পরীক্ষা গত বছরের জুলাই মাস থেকে শুরু হওয়ার কথা ছিল। সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ভর্তি পরীক্ষার অনিশ্চয়তা কাটতে শুরু করবে, এটাই আশা লাখো ভর্তিচ্ছু পরীক্ষার্থীর।

করোনাভাইরাসের কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরে জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ফলাফল মূল্যায়ন করা হয়। সেই শিক্ষার্থীরাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। তবে এর মধ্যে গত ২ এপ্রিল শুধু সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাঁদের ক্লাসও শিগগিরই শুরু হওয়ার কথা। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষাও সপ্তাহখানেক আগে হয়েছে।

প্রতিবছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়ে থাকে। তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সাধারণত জুলাই–আগস্টে (এর আগে–পিছে) বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা শুরু হয়। নভেম্বর নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা শেষ হয়। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ বারবার স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রথম আলো ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে, তার সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একটা আলোচনা আছে।

এবার ভর্তি পরীক্ষা শেষ করতে বেশি সময় প্রয়োজন হবে না। কারণ প্রথমবারের মতো ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। এ ছাড়া সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে গুচ্ছে ভর্তি পরীক্ষা নেবে। এ ছাড়া বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর স্থগিত ভর্তি পরীক্ষাও শিগগিরই হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থগিত ভর্তি পরীক্ষা অক্টোবরে শুরু হওয়ার কথা আছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শেষ হয়েছে। এখানে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এ বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করিয়ে থাকে।