প্রাথমিকের গণিত বইয়েই শেখানো হোক পুষ্টির হিসাব

ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভগ্নাংশ ও শতকরা শেখে। এসব শেখাতে গরু, ছাগল, জুতা, আলমারি, নাগরদোলা, বই, দেয়াল, চকলেট ইত্যাদির উদাহরণ ব্যবহার করা হয় (সূত্র: এনসিটিবি কর্তৃক প্রকাশিত ৫ম শ্রেণির গণিত বই)। কিন্তু গণিতের এসব অঙ্কের মধ্যেই যদি খাবারের পুষ্টিগুণ সম্পর্কে তথ্য দেওয়া হয়, তাহলে কেমন হয়? শিশুরা একই সঙ্গে গণিত শিখবে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কেও জানতে পারবে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় স্বাস্থ্য যোগাযোগ নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমার স্বাস্থ্য সাক্ষরতা (হেলথ লিটারেসি) সম্পর্কে জানার সুযোগ হয়েছে। স্বাস্থ্য সাক্ষরতা বলতে শুধু স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পড়তে পারা বোঝায় না, বরং সেই তথ্য বোঝা, মূল্যায়ন করা এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করার সক্ষমতাও বোঝায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য সাক্ষরতাকে সুস্বাস্থ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করে।

বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের গণিত বই এই সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ধরা যাক, চতুর্থ শ্রেণির গণিত বইয়ে একটি অঙ্ক দেওয়া হলো: মাছ শরীরের বৃদ্ধি ও গঠনের জন্য প্রয়োজনীয় আমিষের ভালো উৎস। একটি নির্দিষ্ট মাছের ১০০ গ্রাম খাওয়ার উপযোগী অংশে ২০ গ্রাম আমিষ থাকলে ২০০ গ্রামে কত গ্রাম আমিষ থাকবে? শিক্ষার্থী গুণ শিখবে, পাশাপাশি আমিষের গুরুত্বও জানতে পারবে।

একইভাবে ক্যালরির হিসাব শেখানো যেতে পারে। খাবার থেকে শরীর শক্তি পায়, যা কিলোক্যালরিতে প্রকাশ করা হয়। একটি খাবারের প্রতি পরিবেশনে ১২০ কিলোক্যালরি শক্তি থাকলে তিন পরিবেশনে মোট কত কিলোক্যালরি শক্তি পাওয়া যাবে? এ ধরনের অঙ্ক শিশুদের খাবারের পুষ্টিসংক্রান্ত তথ্য বুঝতে সাহায্য করতে পারে।

লেখক

অতিরিক্ত চিনি ও লবণ গ্রহণের স্বাস্থ্যঝুঁকিও গণিতের মাধ্যমে বোঝানো সম্ভব। যেমন অতিরিক্ত চিনিযুক্ত কোমল পানীয় নিয়মিত পান করলে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। একটি কোমল পানীয়র বোতলে ২৫ গ্রাম চিনি থাকলে চার বোতলে মোট কত গ্রাম চিনি থাকবে? আবার একটি চিপসের প্যাকেটে ০.৮ গ্রাম লবণ থাকলে তিন প্যাকেটে কত গ্রাম লবণ থাকবে? এসব অঙ্কের মাধ্যমে শিক্ষার্থীরা গুণ ও দশমিক শেখার পাশাপাশি খাবারের মোড়কে লেখা তথ্যের অর্থ বুঝতে শিখবে।

নিরাপদ পানি পানের গুরুত্বও অঙ্কে যুক্ত করা যায়। একটি বোতলে ২৫০ মিলিলিটার পানি থাকলে চার বোতলে মোট কত লিটার পানি থাকবে? এতে একক রূপান্তর শেখার পাশাপাশি নিরাপদ পানি সম্পর্কে সচেতনতা তৈরির সুযোগ রয়েছে।

এ ধরনের উদ্যোগের আন্তর্জাতিক উদাহরণও রয়েছে। অস্ট্রেলিয়ার নিউক্যাসলে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্রস-কারিকুলার ইউনিট অন পোরশন সাইজ (সিইউপিস) নামে একটি কার্যক্রম পরিচালিত হয়। এতে গণিতের পরিমাপ ও আয়তনের ধারণা ব্যবহার করে খাবারের পরিমাণ ও পুষ্টি সম্পর্কে শেখানো হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ‘সার্ভিং আপ মাইপ্লেট: আ ইয়ামি কারিকুলাম’ উদ্যোগেও প্রাথমিক বিদ্যালয়ের গণিত, বিজ্ঞান ও ভাষাশিক্ষার সঙ্গে পুষ্টিশিক্ষা যুক্ত করার উপকরণ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৬ সালের স্বাস্থ্যকর খাদ্যবিষয়ক নির্দেশনায় অতিরিক্ত চিনি ও লবণ গ্রহণ সীমিত রাখা এবং বৈচিত্র্যময় পুষ্টিকর খাবার গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব তথ্য শিশুদের কাছে পৌঁছানোর জন্য সব সময় আলাদা স্বাস্থ্যশিক্ষার ক্লাসের প্রয়োজন নেই। বিদ্যমান বিষয়ের পাঠেও তা যুক্ত করা সম্ভব।

বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির গণিত বইয়ের কথার অঙ্কগুলো পর্যালোচনা করে পরীক্ষামূলকভাবে পুষ্টিসংক্রান্ত তথ্য যুক্ত করতে পারে। গণিত বিশেষজ্ঞ, পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য গবেষকদের সহযোগিতায় অঙ্কগুলো তৈরি করা হলে তথ্যের নির্ভুলতা এবং গণিতের শিখনফল—দুটিই বজায় রাখা সম্ভব। পাশাপাশি পরীক্ষামূলকভাবে যাচাই করা যেতে পারে, এ ধরনের অঙ্ক শিক্ষার্থীদের গণিত ও স্বাস্থ্যসংক্রান্ত জ্ঞান কতটা বাড়ায়।

শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়, বরং দৈনন্দিন জীবনে সচেতন সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করা। শিশুরা যখন গণিত শেখার পাশাপাশি আমিষ, ক্যালরি, চিনি, লবণ ও পানির হিসাব বুঝতে শিখবে, তখন গণিতের শিক্ষা তাদের জীবনে আরও অর্থবহ হয়ে উঠবে।

লেখক: স্নাতকোত্তর শিক্ষার্থী, ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। [email protected]