উপবৃত্তি পেতে অনার্সের শিক্ষার্থীদের আবেদনের সময় বাড়ল
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদনের সময় ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক পিএমইএটির ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে ফরওয়ার্ড করার সময় আগামী ১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের থেকে সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে চলমান উপবৃত্তির আবেদনের সময় ২২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে চলমান উপবৃত্তির আবেদনের সময় ছিল ১৫ মে এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক পিএমইএটিয়ের ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে ফরওয়ার্ড করার সময় ছিল ২৭ মে। এখন ২৭ তারিখের বদলে এখন ১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫ সালে ২০২৪-২৫ অর্থবছরে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।