ভিকারুননিসার স্কুল শাখাতেও শুরু হচ্ছে অনলাইন ক্লাস

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেভিকারুননিসার স্কুল

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস নেওয়া শুরু হয়েছে ১২ এপ্রিল থেকে। এবার স্কুল শাখাতেও অনলাইন ও অফলাইন ক্লাস শুরু হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে সপ্তাহে তিন দিন সরাসরি (অফলাইন) ও তিন দিন অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক নোটিশে বলা হয়েছে, স্কুল শাখায় শনি, সোম ও বুধবার অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে রোব, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়া হবে। অনলাইন ক্লাসের রুটিন ও ক্লাসে যুক্ত হওয়ার লিংক সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এর আগে একই নিয়মে কলেজ শাখায় ক্লাস কার্যক্রম শুরু করা হয়। ১২ এপ্রিল থেকে সেখানে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাস চালু করা হয়েছে।

আরও পড়ুন

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মূলত জ্বালানিসংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ ব্যবস্থা আপাতত ঢাকা মহানগর এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি।

এর আগে ১২ এপ্রিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম প্রথম আলোকে বলেছিলেন, এখন স্কুল শাখা তিন দিন বন্ধ (বৈসাবি, চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষের জন্য)। এ জন্য আজ বুধবার কেবল কলেজ শাখার শিক্ষার্থীদের ক্লাস হয়েছে। অংশগ্রহণ ভালো। ছুটি শেষ হলে বৃহস্পতিবার স্কুল শাখার শিক্ষার্থীদের জন্যও অনলাইন ক্লাস শুরু হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মতো ঢাকা মহানগরীর নির্ধারিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীর ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষামূলকভাবে এ শিক্ষা কার্যক্রমের আওতায় শনি, সোম ও বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস হবে। আর রোব, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি।

বৈশ্বিক জ্বালানিসংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার কথা বিবেচনায় পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীর—এ মিশ্র (ব্লেন্ডেড) পদ্ধতির শিক্ষার কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।