নটর ডেম কলেজে ১৪তম ন্যাশনাল নেচার সামিট ৮-৯ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার থেকে নটর ডেম নেচার স্টাডি ক্লাব কর্তৃক দুই দিনব্যাপী (৮ ও ৯ ডিসেম্বর ২০২৩) প্রকৃতি ও প্রতিবেশবিষয়ক সম্মেলন—ন্যাশনাল নেচার সামিটের ১৪তম সংস্করণ নটর ডেম কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পাইওনিয়ার্স (নার্সারি-দ্বিতীয় শ্রেণি), এক্সপ্লোরার্স (তৃতীয়–পঞ্চম শ্রেণি), ভিশনারিজ (ষষ্ঠ-অষ্টম শ্রেণি), চ্যালেঞ্জার্স (নবম–দশম শ্রেণি) এবং ইনোভেটরস (একাদশ–দ্বাদশ শ্রেণি) ও স্কলার্স (বিশ্ববিদ্যালয় পর্যায়)—ছয়টি পৃথক ক্যাটাগরিতে তিন হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত ১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এ আয়োজন হয়। ৮ ডিসেম্বর ঢাকা বিভাগীয় পর্যায়ের আয়োজন হবে। সব বিজয়ী ৯ ডিসেম্বর জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

একক ইভেন্টে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নেচার ফটোগ্রাফি, সবুজ সাংবাদিকতা, জলবায়ুবিজ্ঞান অলিম্পিয়াড, গ্রিন ম্যারাথনসহ আরও অনেক কিছু। এ ছাড়া দলগত ইভেন্টে প্রতিযোগীরা দেয়ালিকা প্রদর্শনী, প্রজেক্ট ডিসপ্লে ও রিসার্চ ওয়ার্ক প্রেজেন্টেশনে অংশগ্রহণ করবে।

সামিট সম্পর্কে নটর ডেম নেচার স্টাডি ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক বিপ্লব কুমার দেব বলেন, ‘প্রকৃতি ও প্রতিবেশ আমাদের মাতৃস্বরূপ। তাই তাকে সংরক্ষণ করা মানুষেরই দায়িত্ব। আমাদের বিশ্বাস, ন্যাশনাল নেচার সামিট বিগত ১৩টি সংস্করণের ধারাবাহিকতায় এবারও নবাগত শিশু থেকে তরুণ প্রজন্ম—সবার মাঝে প্রকৃতিকে ভালোবাসার ও ভালো রাখার বার্তা পৌঁছে দেবে।’

ন্যাশনাল নেচার সামিটের এ বছরের সিগনেচার ইভেন্ট হলো গ্রিন ম্যারাথন, যা তিনটি রাউন্ডে আয়োজিত হবে। প্রথম রাউন্ডে জলবায়ুবিষয়ক কুইজের মাধ্যমে প্রাথমিক বাছাই উত্তীর্ণ ২০ জনকে পাঁচটি দলে ভাগ করা হবে, যারা দ্বিতীয় রাউন্ডে কলেজ ক্যাম্পাসজুড়ে ছোটাছুটি করে প্রকৃতি মাঠপর্যায়ে পর্যবেক্ষণ করবে। অবশেষে ফাইনাল রাউন্ডে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তারা তাদের পর্যবেক্ষণ উপস্থাপন করবে। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও গবেষণার প্রয়োজনীয়তা ও সচেতনতা বৃদ্ধি গ্রিন ম্যারাথনের মূল লক্ষ্য।

নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতি ও প্রতিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ পুতুলনাচের আয়োজন নিয়ে থাকছে সিসিমপুর। এ ছাড়া ‘বিদেশে উচ্চশিক্ষায় পরিবেশবিজ্ঞান’বিষয়ক সেমিনার নিয়ে আয়োজনে থাকছে ‘এডুকেশন ইউএসএ’ এবং ‘Tech4Nature: Using Technology in Species Conservation in Bangladesh’ শিরোনামে আলোচনা সভা পরিচালনা করবেন IUCN (International Union for Conservation of Nature)–এর সিনিয়র প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কাজী জেনিফার আজমিরি।

এ বছরের সামিট আয়োজনে সার্বিক সহযোগিতায় আছে পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’। উৎসবের গ্রিন পার্টনার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে থাকছে প্রথম আলো। ব্রোঞ্জ পার্টনার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও এসিআই। ইস্টার্ণ ব্যাংক লিমিটেড ও বিকন ফার্মাসিউটিক্যালস যথাক্রমে ক্রেস্ট ও গিফট পার্টনার। মিডিয়া পার্টনার চ্যানেল আই। এ ছাড়া নলেজ পার্টনার হিসেবে থাকছে আইইউসিএন। ড্রিংকস পার্টনার ওয়াসা, স্ন্যাকস পার্টনার প্রাণ, আইসক্রিম পার্টনার পোলার ও কফি পার্টনার নেসক্যাফে।