ড্রোন প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জনকারী ইউআইইউর এরিয়েল রোবোটিকস টিমকে সংবর্ধনা
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়াল ইউআইইউ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়েল রোবোটিকস টিম (ইউএআরটি) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়েল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষে গতকাল বুধবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এসইউএএস ২০২৬ প্রতিযোগিতা। প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করে ইউআইইউয়ের এরিয়েল রোবোটিকস টিম।
এসইউএএস প্রতিযোগিতার ইতিহাসে ইউআইইউর এরিয়েল রোবোটিকস টিম (ইউএআরটি) বাংলাদেশি দল পোডিয়ামে স্থান করে নেয়। ২০০৩ সাল থেকে আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এসইউএএস প্রতিযোগিতায় এবারের আসরে ৮১টি দল অংশ নেয়। প্রতিকূল আবহাওয়ায় ২১টি দল ক্র্যাশের শিকার হলেও ইউআইইউর ইউএআরটি কৌশলগত ও প্রযুক্তিগত দক্ষতায় সফলভাবে মিশন সম্পন্ন করে বিশ্বে চতুর্থ স্থান অর্জন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউআইইউর উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া বলেন, ইউআইইউর শিক্ষার্থীদের এই সাফল্য তাঁদের মেধা, কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার উজ্জ্বল বহিঃপ্রকাশ। এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও তরুণ প্রজন্মের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তিনি আরও বলেন, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে ইউআইইউর প্রচেষ্টা এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা ও সক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইউআইইউর এরিয়েল রোবোটিকস টিমের মেন্টর ও কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক রিয়াসাত আজিম বলেন, ইউএআরটির বিশ্বে চতুর্থ স্থান অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও পরামর্শকদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং দলগত প্রচেষ্টার ফল। একই সঙ্গে এই অর্জন অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রতি ইউআইইউর ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ইউআইইউর শিক্ষক, শিক্ষার্থী, ইউএআরটি দলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।