ড্যাফোডিল গ্রুপের পরিচালক হলেন সামিহা খান

ড্যাফোডিল গ্রুপের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সামিহা খানছবি: বিজ্ঞপ্তি

ড্যাফোডিল গ্রুপের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সামিহা খান। গত বৃহস্পতিবার ঢাকার সোবহানবাগে ড্যাফোডিল প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর এ নিয়োগ ঘোষণা করা হয়। গত পাঁচ বছরে তাঁর পেশাগত দক্ষতা, ব্যবস্থাপনা সক্ষমতা এবং বহুমাত্রিক অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান নিয়োগপত্র হস্তান্তর করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম আর কবির তাঁকে প্রশংসাপত্র প্রদান করেন।

ড্যাফোডিল গ্রুপে যোগদানের আগে সামিহা খান দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি যুক্তরাজ্যের মিডলসেক্স ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য।

ড্যাফোডিল গ্রুপে কর্মরত থাকাকালে তিনি ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক বিষয়ক কার্যক্রম, মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে দায়িত্ব পালন করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, তাঁর নেতৃত্বে গ্রুপজুড়ে বর্তমানে ব্যবহৃত একটি কাঠামোবদ্ধ মানবসম্পদ (এইচআর) সফটওয়্যার সিস্টেম চালু করা হয়, যা আধুনিক ও স্বচ্ছ কর্মী মূল্যায়নের ভিত্তি হিসেবে কাজ করছে।

১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ড্যাফোডিল গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং একই সঙ্গে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।