বাংলাদেশ ইউনিভার্সিটিতে ছয় দিনব্যাপী ভর্তি মেলা শুরু
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ছয় দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে গতকাল রোববার (১৬ আগস্ট) থেকে। ইউনিভার্সিটির মোহাম্মদপুরের আদাবরের স্থায়ী ক্যাম্পাসে সকালে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার বি. জে. (অব.) মো. মাহবুবুল হক।
এবারের ভর্তি মেলায় নিজেদের পছন্দের বিভাগে ভর্তি–ইচ্ছুক ছাত্রছাত্রীরা তাঁদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা সম্পর্কে সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন। এ ছাড়া মেলা চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিকনির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন।
মেলা শেষ হবে ২১ আগস্ট শুক্রবার। চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইকোনমিকস অনুষদের ডিন অধ্যাপক মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল অনুষদের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির, সিএসই বিভাগের প্রধান মো. সাদিক ইকবাল, সোসিওলজি বিভাগের প্রধান এম এম এনামুল আজিজ, ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. আবু ইছা গাজী, ট্রিপল–ই বিভাগের প্রধান সৈয়দ খালিদ হোসেন এবং স্থাপত্য বিভাগের প্রধান শেখ ইতমাম সউদসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তারা।