ইউসিবিডির সমাবর্তনে মোনাশ পাথওয়ের ১৭৮ শিক্ষার্থী পেলেন সনদ

সমাবর্তনে শিক্ষার্থীরাছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবিডি) ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গত মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) রাজধানীর লে মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) ও মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রাম সম্পন্ন করা ১৭৮ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিকোলাস ম্যাকলিন সদ্য স্নাতকদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘বর্তমানে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য বৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে শিক্ষাসেবা। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, সেখানে উচ্চশিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছেন, আমরা সব সময়ের মতোই তাঁদের পাশে থাকতে চাই। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের এক্সিকিউটিভ ডিরেক্টর (পাথওয়েজ পার্টনারশিপস) তানিয়া পেরেরা। তিনি বলেন, ‘আজ এই শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে আমি সত্যিই অনুপ্রাণিত। এ অর্জনের পেছনে তাঁদের যে নিষ্ঠা ও অধ্যবসায় রয়েছে, তা প্রশংসনীয়। তাঁরা প্রমাণ করেছেন, বৈশ্বিক পরিসরে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি ও একাডেমিক সক্ষমতা তাঁদের রয়েছে।’

বাংলাদেশে মোনাশ কলেজের অংশীদার হিসেবে ইউসিবিডি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাথওয়ে প্রোগ্রাম পরিচালনা করছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশে বসেই অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা যাত্রা শুরু করতে পারেন। এসব প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পরে তাঁরা মোনাশ ইউনিভার্সিটিসহ বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পান।

অনুষ্ঠানে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মানাস সিং বলেন, বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসানীতি ও অন্যান্য বিধিনিষেধ কঠোর হলেও ইউসিবিডির শিক্ষার্থীরা নির্বিঘ্নে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় অগ্রসর হচ্ছেন। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।