ফ্রাঙ্কফুর্টে ‘এআইইউবিয়ান ইন ইউরোপ: সিজন ২’ অনুষ্ঠিত
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘এআইইউবিয়ান ইন ইউরোপ: সিজন ২’। শনিবার (২৯ আগস্ট) সালবাউ গ্যালুসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এআইইউবির আড়াই শর বেশি প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন। এ আয়োজনের মাধ্যমে তাঁরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, পেশাগত যোগাযোগ বৃদ্ধি এবং এআইইউবি পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পান।
অনুষ্ঠানে এআইইউবির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ হাসান, ইশতিয়াক আবেদীন, শানিয়া মাহিয়া আবেদীন এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক উপাচার্য ড. কারমেন জেড লামাগনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রাঙ্কফুর্টের উপ-মেয়র স্টেফান সিগলার।
‘এআইইউবিয়ান ইন ইউরোপ’ উদ্যোগটি শুরু হয় ২০২৪ সালে। ইউরোপে বসবাসরত এআইইউবির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধন জোরদার এবং একটি শক্তিশালী বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।