একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা পালন করছে বিইউএফটি: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি
ছবি: বিজ্ঞপ্তি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা পালন করছে বিইউএফটি।

গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি খাতে উচ্চশিক্ষায় অগ্রদূত ও বস্ত্রশিল্পে দক্ষ কর্মী তৈরিতে এক অনন্য দৃষ্টান্ত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনলোজি। এই বিশ্ববিদ্যালয় একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং ২০৪১ সালের লক্ষ্য অর্জনে মানসম্পন্ন ও যুগোপযোগী শিক্ষাদানের পাশাপাশি প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রমেও বলিষ্ঠ ভূমিকা পালন করছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা জ্ঞানবিজ্ঞানে অগ্রগামী, চিন্তাচেতনায় প্রগতিশীল, সততা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ উদ্যমী একটি প্রজন্ম গড়ে তুলতে চাই। শুধু সনদ লাভের জন্য নয়, সমাজের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে।’

সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন প্রধানমন্ত্রীর দক্ষিণ অঞ্চলের করপোরেশন সেলের অ্যাডিশনাল সেক্রেটারি সারোয়ার আলম। তিনি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ ও চতুর্থ শিল্পবিপ্লবের জন্য উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজাফফর উদ্দিন সিদ্দিক বলেন, দক্ষ ও যুগোপযোগী শিক্ষার্থী বিনির্মাণে বিইউএফটি বদ্ধপরিকর।

সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম মাহফুজুর রহমান, সহ–উপাচার্য আইয়ুব নবী খান, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম, বিজিএমইএর নেতা, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

সমাবর্তনে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ প্রদান করা হয়। এর মধ্যে ৫৩ শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে।