ইউসিএসআই ইউনিভার্সিটিতে সেপ্টেম্বর সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাসে সেপ্টেম্বর ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত দুই পর্বের অনুষ্ঠানে নতুন শিক্ষার্থী, অভিভাবক এবং ইউনিভার্সিটির শিক্ষকেরা অংশ নেন।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের সহ–উপাচার্য অধ্যাপক মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট একাডেমিক অধ্যাপক এইচ এম জহিরুল হক।
মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন বলেন, ‘ইউসিএসআই ইউনিভার্সিটি বিশ্বের শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং এশিয়ায় অষ্টম অবস্থানে রয়েছে। একটি বিশ্বমানের ইউনিভার্সিটিতে তোমরা নিজেদের উচ্চশিক্ষার যাত্রা শুরু করছ।’
এইচ এম জহিরুল হক বলেন, ‘তোমাদের স্বপ্নপূরণের যাত্রা শুরু হলো এমন একটি ইউনিভার্সিটির সঙ্গে, যেটা কেবল মালয়েশিয়ার নয়, বিশ্বেও অন্যতম সেরা প্রতিষ্ঠান।’
এ ছাড়া নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের ডিন অধ্যাপক সৈয়দ আখতার হোসেন, ফ্যাকাল্টি অব এফবিএমের ডিন মোহাম্মদ জে মুনির, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টসের ডিন জোহা রহমান এবং রেজিস্ট্রার অধ্যাপক শাহ সামিউর রশিদ। অভিভাবকদের উদ্দেশে বক্তব্য দেন প্রভোস্ট মেজর (অব.) সুমন সুবহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী নোরা সাবরিন রাহা ও আবিদা আফসারা গোলন্দাজ।