ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত
‘সর্বজনীন স্বাস্থ্য ও সুস্থ পরিবেশ জনগনের অধিকার—আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রগতিশীল চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট’–এর দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার আলী প্রধান অতিথি এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নীতিশ দেবনাথ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে চক্ষু চিকিৎসক অধ্যাপক মো. শফিকুল ইসলাম সভাপতি, শিশু অর্থোপেডিক সার্জন অধ্যাপক সারওয়ার ইবনে সালামকে সাধারণ সম্পাদক, লিভারের চিকিৎসক গোলাম আজমকে অর্থ সম্পাদক এবং অধ্যাপক রোকসানা দিল আফরোজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্যবিশিস্ট কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক এম এইচ ফারূকীর পরিচালনায় সারা দেশ থেকে আগত চিকিৎসকেরা সম্মেলনে অংশগ্রহণ করেন। শুরুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক রশীদ ই মাহবুব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বেগম ও ফওজিয়া মোসলেম শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তারা জনগণের সর্বজনীন স্বাস্থ্য ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার এবং এতে পেশাজীবী হিসেবে চিকিৎসকদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। বিজ্ঞপ্তি