বিইউবিটির আইন ও বিচার বিভাগের বিএসি অ্যাক্রেডিটেশন অর্জন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন ও বিচার বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। এ অ্যাক্রেডিটেশন আইন শিক্ষার গুণগত মান ও নির্ধারিত একাডেমিক মানদণ্ড পূরণের ক্ষেত্রে বিভাগের অবস্থানকে আরও সুসংহত করেছে।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর অধীনে প্রতিষ্ঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমিক কার্যক্রমের গুণগত মান যাচাই এবং অ্যাক্রেডিটেশন প্রদানের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়নে কাজ করে প্রতিষ্ঠানটি। নির্ধারিত মানদণ্ড ও মূল্যায়নপ্রক্রিয়ার ভিত্তিতে অ্যাক্রেডিটেশন প্রদান করা হয়।

বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি আইন শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। অ্যাক্রেডিটেশন অর্জনের মাধ্যমে বিইউবিটির আইন ও বিচার বিভাগের একাডেমিক কার্যক্রমের গুণগত মান মূল্যায়নের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জিত হয়েছে। বিভাগটি ভবিষ্যতেও মানসম্মত আইন শিক্ষা ও একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেবে।