চীনের সিয়াস ইউনিভার্সিটি ও ড্যাফোডিল পলিটেকনিকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশের কারিগরি শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে চীনের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিয়াস ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ড্যাফোডিল পলিটেকনিক।
এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম, জয়েন্ট রিসার্চ, ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্টুডেন্ট লিডারশিপ ক্যাম্প, হায়ার স্টাডিজ ও স্কলারশিপের সুবিধা নিয়ে দীর্ঘমেয়াদি একাডেমিক ও সাংস্কৃতিক সহযোগিতার নতুন পথ উন্মোচিত হয়েছে।
সম্প্রতি চীনের হেনান প্রদেশের ঝেনঝু অঞ্চলের শিনঝেং শহরে অবস্থিত সিয়াস ইউনিভার্সিটিতে এ অনুষ্ঠান আয়োজিত হয়। যেখানে ড্যাফোডিল গ্রুপের বিটিইবি অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনের ডেপুটি ডিরেক্টর কে এম পারভেজ ববি ও সিয়াস ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডিরেক্টর জুনলিয়াং ইউ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক এক্সচেঞ্জ, গবেষণা কার্যক্রম ও সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। বিশেষ করে সেমিস্টার এক্সচেঞ্জ ও হায়ার স্টাডিজের সুবিধা শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। সেদিক থেকে এই সমঝোতা স্মারক ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।