২২তম ইন্টার কলেজ সায়েন্স ফেস্টিভ্যাল: বিজ্ঞানচর্চার এক অনন্য আয়োজন

হলি ক্রস কলেজের বিজ্ঞান ক্লাব ‘২২তম ইন্টার কলেজ সায়েন্স ফেস্টিভ্যাল-২০২৫’–এর আয়োজন করেছিলছবি: হলি ক্রসের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে রাজধানীর হলি ক্রস কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘২২তম ইন্টার কলেজ সায়েন্স ফেস্টিভ্যাল–২০২৫’। এই বিশাল বিজ্ঞান উৎসব ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়, যেখানে দেশের মোট ৭৫টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

উদ্বোধনী ও সমাপনী আয়োজন

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি মেরিনা তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম মুহাম্মাদ হোসেন (অধ্যাপক, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়), রুবায়েত মোরশেদ (অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও সেবাস্টিয়ান গ্রো (সহযোগী অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়)। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ–উপাচার্য আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কিশোর আলো সম্পাদক আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনির হাসান, লেখক, কো-ফাউন্ডার, বিডিএমও, বিডিওএসএন, এসপিএসবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফর উদ্দীন সিদ্দিকী, এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং অ্যান্ড সেলস, সিটি গ্রুপ।

বিজ্ঞান প্রতিযোগিতা ও আয়োজন

চার দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবে ছিল বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্ট। ১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল সাই-ফাই গল্প লেখা, বিজ্ঞান বনাম বিজ্ঞানী বিতর্ক প্রতিযোগিতা ও জেওপার্ডি কুইজের প্রথম রাউন্ড।

১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় মানসিক দক্ষতা ও বিজ্ঞানের ওপর ভিত্তি করে মানসিক অলিম্পিয়াড, জীববিজ্ঞান, ভূগোল, গণিত, প্রকল্প প্রদর্শনী, পদার্থবিদ্যা, তথ্যপ্রযুক্তি ও রসায়ন অলিম্পিয়াড।

বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতেই হলি ক্রস কলেজের বিজ্ঞান ক্লাব আয়োজন করেছিল ‘২২তম ইন্টার কলেজ সায়েন্স ফেস্টিভ্যাল-২০২৫’
ছবি: কলেজের সৌজন্যে

১৬ ফেব্রুয়ারির বিশেষ আকর্ষণ ছিল ‘কসমিক লুডু কমেডি’, ‘হিউম্যান ক্যালকুলেটর’, ‘রুবিকস কিউব চ্যালেঞ্জ’ ও ‘জেওপার্ডি ফাইনাল রাউন্ড’। আজকের জেওপার্ডি প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডটি সঞ্চালনা করেন জনপ্রিয় টিভি শো হোস্ট ফেরদৌস বাপ্পি।

উদ্ভাবনী মনন বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম

বিজ্ঞান উৎসব শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি ভালোবাসা ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। অংশগ্রহণকারীরা শুধু প্রতিযোগিতায় অংশ নেয়নি; বরং তারা বিজ্ঞানের বিভিন্ন দিক সম্পর্কে নতুন অভিজ্ঞতা লাভ করেছে।

হলি ক্রস কলেজ বিজ্ঞান ক্লাবের এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে বলে আশা করা যায়, যা শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরও আগ্রহী করে তুলবে। উল্লেখ্য, এ আয়োজনের সঙ্গে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো, ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।