বাউবি’র ঢাকা আঞ্চলিক কেন্দ্রে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ঢাকা আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় বাউবি’র ধানমন্ডিস্থ আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন ঢাকা আঞ্চলিক পরিচালক মো. নাসির উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. আহসানুল হাসান।

শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, প্রতীকী শিল্পকর্ম এবং বাঙালির ঐতিহ্যবাহী নানা উপস্থাপনা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে। প্রাণবন্ত আয়োজনে আঞ্চলিক কেন্দ্রের উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও বর্ণিল।

এ ধরণের আয়োজন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ ও লালনের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।