নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইউনিভার্সিটি
২০২৬ সালে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা ও হাইকোর্ট এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত অর্ধশতাধিক সাবেক শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগ। আইন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘Advocate Felicitation Program 2026’-এ গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের বেজমেন্ট হল রুম-২-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
গতকাল শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটির বেজমেন্ট হল রুম-২-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম নবীন আইনজীবীদের পেশাগত জীবনে সততা, নৈতিকতা, নিষ্ঠা ও নিয়মিত জ্ঞানচর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনের জ্ঞান ও পেশাগত দক্ষতার পাশাপাশি ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবীন আইনজীবীদের পেশাগত জীবনে ধৈর্য, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে যাওয়ার এবং ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আইন বিভাগের অ্যালামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক কাজী লতিফুর রেজা।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিদের তাঁদের উপস্থিতি ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আতীকুস সামাদ, সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ), আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়; সৈয়দ নজরুল ইসলাম, আইনজীবী, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, সদস্য, বাংলাদেশ বার কাউন্সিল ও চেয়ারম্যান, বার কাউন্সিল রিলিফ কমিটি এবং আইনজীবী মো. মাহফুজুর রহমান মিলন, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, সদস্য, বাংলাদেশ বার কাউন্সিল ও চেয়ারম্যান, আইন সংস্কার কমিটি।
এ ছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের অ্যালামনাই সৈয়দ সারোয়ার আলম নিশান (সেক্রেটারি, বাংলাদেশ ইউনিভার্সিটি ল’অ্যালামনাই অ্যাসোসিয়েশন) কে ঢাকা বার অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি ল’অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুর রহমান সোহান বক্তব্য দেন। অ্যালামনাইদের পক্ষ থেকে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. মাজহারুল ইসলাম মারুফ।
অনুষ্ঠানে সংবর্ধিত নবীন আইনজীবীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁদের এই অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের অবদানের কথাও অনুষ্ঠানে স্মরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর মো. রাজিউল আলিম।