নর্থ সাউথে আন্তর্জাতিক আর্কাইভ দিবস উদ্যাপন
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আন্তর্জাতিক আর্কাইভ দিবস (আইএডি) উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার বিশ্ববিদ্যালয়টিতে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটির (বারমস) সহযোগিতায় ‘ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আর্কাইভসের (আইসিএ) ৭৫ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শোভাযাত্রায় বারমসের কর্মকর্তাসহ এনএসইউর শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশেষ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক এম ইসমাইল হোসেন এবং বারমসের সভাপতি অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক এম এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ঐতিহাসিক স্মৃতির গুরুত্বপূর্ণ ভান্ডার হিসেবে আর্কাইভের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আলোচনায় প্রথাগত আর্কাইভ পদ্ধতির পাশাপাশি ডিজিটাল পদ্ধতি দ্বারা সৃষ্ট বাধা মোকাবিলার কথা উঠে আসে।
অনুষ্ঠানে ‘আর্কাইভস ইন বাংলাদেশ: চ্যালেঞ্জস অ্যান্ড প্রসপেক্টস অ্যান্ড দ্য মেকিং অব এনএসইউ আর্কাইভস’ শিরোনামে একটি বিশেষ প্রকাশনা প্রকাশ করা হয়। এনএসইউর অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদের উপস্থাপিত মূল প্রবন্ধে ডিজিটাল বিশ্বের চাহিদা পূরণে বাংলাদেশের জাতীয় সংরক্ষণাগারের আরও আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
এনএসইউর সহউপাচার্য অধ্যাপক এম ইসমাইল হোসেন এনএসইউর নিজস্ব আর্কাইভ প্রতিষ্ঠার ঘোষণা দেন। এতে শুধু বিশ্ববিদ্যালয়ের নথিই নয়, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কাগজপত্রও সংরক্ষণ করা হবে।