ইউল্যাব মিডিয়া স্টাডিজের দুই দিনব্যাপী কারিকুলাম ইন্টিগ্রেশন প্রদর্শনী
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ–এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে ‘পিটফলস অব ন্যাশনাল কনশাসনেস’ শীর্ষক কারিকুলাম ইন্টিগ্রেশন স্প্রিং ২০২৬ আয়োজন চলছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে এ আয়োজনে একাডেমিক অনুসন্ধান ও সৃজনশীল অভিব্যক্তির সমন্বয়ে আয়োজিত দুই দিনব্যাপী এই প্রোগ্রামে ছিল শিক্ষার্থীদের নাট্যমঞ্চায়ন, সৃজনশীল কাজের প্রদর্শনী ও পরিবেশনা। ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের ‘কারিকুলাম ইন্টিগ্রেশন’ প্রোগ্রামের অন্তর্ভুক্ত।
১৭ এপ্রিল ন্যাশনাল আর্ট গ্যালারির অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শনী ও নাট্যপরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল ‘চেতনার মুখোশ’, যা কারিকুলাম ইন্টিগ্রেশন কাঠামোর অধীনে শিক্ষার্থীদের প্রযোজনা। এই নাটকে শিক্ষার্থীরা জাতীয় পরিচয়, ঐতিহাসিক স্মৃতি ও ব্যক্তিগত স্বাধীনতার পারস্পরিক টানাপোড়েন তুলে ধরেন। এ ছাড়া ‘জাতীয় চেতনা’র ব্যাখ্যা ও বিপদ নিয়ে শিক্ষার্থীদের নানাবিধ ভিডিও কর্মও প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউল্যাব উপাচার্য সামসাদ মোর্তুজা এবং স্বাগত বক্তব্য দেন স্কুল অব সোশ্যাল সায়েন্সের ডিন ও বিভাগীয় প্রধান অধ্যাপক সুমন রহমান।
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারি–২-এ শিক্ষার্থীদের আলোকচিত্র, মুখোশ, ইনস্টলেশন, চিত্রকর্ম, গ্রাফিক উপস্থাপনা, পারফরম্যান্স আর্টসহ বিভিন্ন কাজ প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি ১৮ এপ্রিল পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
১৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে ‘রূপান্তর–দ্য রেজোনেন্স শো’ পরিবেশনার মাধ্যমে প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত হবে। এই পরিবেশনা মূলত পরিত্যক্ত উপকরণ দিয়ে তৈরি করা একটি ভাবনামূলক পারফরম্যান্স আর্ট। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন এই আয়োজনে উপস্থিত থাকছেন।
কারিকুলাম ইন্টিগ্রেশন কী—
ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের কারিকুলাম ইন্টিগ্রেশন উদ্যোগের লক্ষ্য হলো তাত্ত্বিক শিক্ষার সঙ্গে সৃজনশীল চর্চার সংযোগ স্থাপন করা, যাতে শিক্ষার্থীরা একাডেমিক ধারণাকে পারফরম্যান্স, চলচ্চিত্র, গবেষণা ও প্রদর্শনীর মাধ্যমে বাস্তব রূপ দিতে পারেন। প্রতিবার একেকটি নতুন থিম বা প্রতিপাদ্য নিয়ে এই আয়োজন আবর্তিত হয় সিমেস্টারজুড়ে, যেখানে শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন কোর্সের পড়াশোনার সঙ্গে এই থিমকে আরও বিস্তৃতভাবে চিন্তা, সৃজনশীল ও নতুনভাবে উপস্থাপনের চর্চা করেন।
এবারের থিম ‘পিটফলস অব ন্যাশনাল কনশাসনেস’ জাতীয় চেতনার অন্ধকার দিকগুলোকে সামনে নিয়ে এসে শিক্ষার্থীদের চিন্তার একটি নতুন দৃষ্টিকোণ নিয়ে ভাবতে উৎসাহিত করে। মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের বিভিন্ন কোর্স তিন মাসব্যাপী তাদের কোর্সওয়ার্কের সঙ্গে এই থিমকে সম্পৃক্ত করে একেকটি সৃজনশীল শিল্পমাধ্যম ব্যবহার করে। শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন মাধ্যমের সেই শিল্পকর্মগুলো এই কারিকুলাম ইন্টিগ্রেটশন আয়োজনের প্রদর্শনী ও স্ক্রিনিং অংশে প্রদর্শিত হয়। শিক্ষার্থী ছাড়াও তাঁদের অভিভাবক এবং সাধারণ দর্শকেরা এই প্রদর্শনী উপভোগ করতে আসছেন।