আইইউবিতে অ্যাক্রেডিটেশনবিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

আইইউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে ‘সিম্পোজিয়াম অন বিজনেস স্কুলস অ্যাক্রেডিটেশন’–এ অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষাবিদ, বিজনেস স্কুলের ডিন, আইকিউএসি পরিচালক, অ্যাক্রেডিটেশন বিশেষজ্ঞ এবং উচ্চশিক্ষা–সংশ্লিষ্ট প্রতিনিধিরাছবি: আইইউবির সৌজন্যে

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন বিভিন্ন বিষয়ের অ্যাক্রেডিটেশনবিষয়ক সিম্পোজিয়াম আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘সিম্পোজিয়াম অন বিজনেস স্কুলস অ্যাক্রেডিটেশন’–এর আয়োজক ছিল আইইউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষাবিদ, বিজনেস স্কুলের ডিন, আইকিউএসি পরিচালক, অ্যাক্রেডিটেশন বিশেষজ্ঞ এবং উচ্চশিক্ষা–সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষাদানের মান, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক আখতার হোসেন খান তাঁর বক্তব্যে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে অ্যাক্রেডিটেশন ও কোয়ালিটি অ্যাসুরেন্সের গুরুত্ব তুলে ধরেন।

‘ফ্রম লোকাল এক্সিলেন্স টু গ্লোবাল রিকগনিশন: দ্য রোল অব ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবির ম্যানেজমেন্ট বিভাগের প্রধান এবং এএসিএসবি ও এসিবিএসপির প্রিন্সিপাল কনট্যাক্ট পারসন অধ্যাপক মো. মামুন হাবিব। ব্যবসায় শিক্ষা অনুষদের মান, অংশীদারদের ভরসা এবং বৈশ্বিক স্বীকৃতি বাড়াতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশনের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপের ডিন অধ্যাপক ইমরান রহমানের একটি লিখিত বার্তা পড়ে শোনান আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ইকরামুল হাসান।

আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে আইইউবি প্রতিশ্রুতিবদ্ধ।

সহ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্কুলের আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে তাঁর বৈশ্বিক অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এর আগে আইকিউএসির একটি ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন আইইউবির আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক।

সিম্পোজিয়ামের অংশ হিসেবে ‘হোয়াই ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ম্যাটার্স: কোয়ালিটি, রিকগনিশন অ্যান্ড গ্লোবাল কম্পিটিটিভনেস’ শীর্ষক একটি শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়। সেশনটি সঞ্চালনা করেন অধ্যাপক মো. মামুন হাবিব।

সিম্পোজিয়ামে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সিটি ইউনিভার্সিটি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স, লিডিং ইউনিভার্সিটি সিলেট, উত্তরা ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।