বুয়েটে শুরু হয়েছে মাসব্যাপী সিএসই ফেস্ট ২০২৬

বুয়েটে শুরু হয়েছে মাসব্যাপী সিএসই ফেস্ট। প্রতীকীভাবে কবুতর উড়িয়ে মাসব্যাপী এই উৎসবের শুভসূচনা করা হয়ছবি: বিজ্ঞপ্তি

সময়টা তখন জানুয়ারির শেষ প্রান্তে। মাঘের শীতের তীব্রতা ধীরে ধীরে কমে আসছে। ঠিক এমনই একটি দিনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইসিই প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে ছাত্রছাত্রীদের কোলাহলে। সাধারণত শান্ত ও নিরিবিলি ক্যাম্পাসটি হঠাৎ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে; যেন কোনো উৎসবের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে চারদিকে। এই আনন্দঘন পরিবেশে ২১ জানুয়ারি ২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় PrimeNow presents CSE FEST (BCF) 2026। দেশব্যাপী তিন হাজারের বেশি প্রকৌশল শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিবছরের মতো এ বছরও আয়োজিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সিএসই ফেস্ট।

বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান প্রতীকীভাবে কবুতর উড়িয়ে মাসব্যাপী এই উৎসবের শুভসূচনা করেন।

এই আয়োজনে বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও থাকছে নানা রকম প্রতিযোগিতা ও ইভেন্ট। হ্যাকাথন (Hackathon), সিটিএফ (CTF), গেমজ্যাম (GameJam)-এর মতো প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের জন্য যেমন বিনোদনমূলক, তেমনি জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুরুতেই বলতে হয় সফটওয়্যার ডেভেলপমেন্টভিত্তিক প্রতিযোগিতা Hackathon নিয়ে, যেখানে কিছু নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য একদম গোড়া থেকে শুরু করে একটি সফটওয়্যার বানাতে হয়।

হ্যাকাথনের পাশাপাশি কম্পিউটারবিজ্ঞানে অধ্যয়নরত বহু শিক্ষার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হ্যাকিং ও সাইবার নিরাপত্তা। সেই আগ্রহ সামনে রেখে আয়োজিত হচ্ছে Capture The Flag (CTF) নামক একটি সাইবার সিকিউরিটি প্রতিযোগিতা।

এ ছাড়া থাকছে গেম ডেভেলপমেন্টভিত্তিক প্রতিযোগিতা GameJam, যেখানে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীল ভাবনাকে গেমিংয়ের জগতে বাস্তব রূপ দেওয়ার সুযোগ পাবে।

বিস্তারিত জানতে ও পরবর্তী সব আপডেট পেতে চোখ রাখুন BUET CSE FEST 2026-এর অফিশিয়াল ফেসবুক পেজে
ছবি: বিজ্ঞপ্তি

এ ছাড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে Inter University Programming Contest (IUPC), যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান করে থাকেন। সবশেষে চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে মাসব্যাপী Datathon (DL Sprint) 4.0 একটি মেশিন লার্নিংভিত্তিক প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স বিষয়ে আগ্রহ সৃষ্টিতে সহায়ক হবে।

অনেকেরই এসব প্রতিযোগিতা সম্পর্কে পূর্বধারণা থাকে না। তাঁদের জন্য প্রতিটি প্রতিযোগিতার আগে অনলাইন সেশনের আয়োজন করা হবে, যেখানে একেবারে নতুনদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেবেন বুয়েটসহ অন্যান্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা।

কম্পিউটারভিত্তিক প্রতিযোগিতার পাশাপাশি থাকছে নানা বিনোদনমূলক আয়োজনও। ট্রেজার হান্ট, ফ্ল্যাশমব ও কালচারাল নাইটের মতো অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারবেন শুধু বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীরা, যা উৎসবের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে।

একনজরে সময়সূচি—

● ২৯ জানুয়ারি: Hackathon

● ৩০ জানুয়ারি: CTF

● ৩১ জানুয়ারি: Game Jam

● ৩ ফেব্রুয়ারি: Flashmob

● ৫ ফেব্রুয়ারি: IUPC

● ৬ ফেব্রুয়ারি: Cultural Night

● ২৮ ফেব্রুয়ারি: DL Sprint 4.0 Final Round

বিস্তারিত জানতে ও পরবর্তী সব আপডেট পেতে চোখ রাখুন BUET CSE FEST 2026–এর অফিশিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/share/1AYUkVcpjx/) এবং ওয়েবসাইটে (https://www.buetcsefest2026.com/)

বুয়েট সিএসই ফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে আছে Prime Now by Prime Bank। Prime Now বাংলাদেশের মোবাইল ব্যাংকিং জগতে নতুন সংযোজন, যেখানে রয়েছে মোবাইলেই এনএফসি দিয়ে পেমেন্ট ও ডেবিট কার্ডের সুবিধা। আর সহযোগী পার্টনার হিসেবে আছে প্রথম আলো।