কিউএস আফ্রিকা ফোরামে এআইইউবির অংশগ্রহণ

কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ অংশ নেওয়ার পাশাপাশি এআইইউবি বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছবি: এআইইউবির সৌজন্যে

আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ অংশগ্রহণ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। গত বৃহস্পতি ও শুক্রবার (৯ ও ১০ জুলাই) ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার শেরাটন আদ্দিস হোটেলে এই আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত হয়।

বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মন্ত্রী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং উচ্চশিক্ষা খাতের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই ফোরামে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, প্রতিভা ধরে রাখা, আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং টেকসই শিক্ষাব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

‘স্কিলস, সিস্টেমস অ্যান্ড সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যে আয়োজিত ফোরামে এআইইউবি বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতের সক্ষমতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণার সম্ভাবনা তুলে ধরে।

ফোরামে এআইইউবির প্রতিনিধিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক খন্দকার তাবিন হাসান এবং প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন। ফোরাম চলাকালে এআইইউবি বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

প্রস্তাবিত কিউএস বাংলাদেশ ফোরাম দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাঙ্কিং উন্নয়ন, আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি এবং বিশ্বমানের শিক্ষা ও গবেষণাচর্চার সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংযোগ আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক অঙ্গনে উপস্থিতি বৃদ্ধি এবং বৈশ্বিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।