কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে এনএসইউর ধারাবাহিক সাফল্য

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিং ২০২৬–এ একাধিক বিষয়ে সাফল্য অর্জনের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা অঙ্গনে নিজেদের শক্তিশালী অবস্থান আরও সুদৃঢ় করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

এবারের র‍্যাঙ্কিংয়ে ইকোনমিকস অ্যান্ড ইকোনমেট্রিকস বিষয়ে এনএসইউ বিশ্বে ৩০১–৩৫০ ব্যান্ডে স্থান পেয়েছে, যা এই বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে ৩৫১–৪০০ ব্যান্ডে এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪০১–৪৫০ ব্যান্ডে স্থান লাভ করেছে এনএসইউ। উভয় ক্ষেত্রেই এনএসইউ দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান ধরে রেখেছে।

এ ছাড়া সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে এনএসইউ ৪৫১–৫০০ ব্যান্ডে স্থান পেয়েছে। এর ফলে এ বিষয় শ্রেণিতে এটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ নম্বরে রয়েছে।

অন্যদিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিষয়ে বিশ্ববিদ্যালয়টি ৫৫১–৬০০ ব্যান্ডে স্থান অর্জন করেছে, যা এ ক্ষেত্রে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এর অবস্থানকে আরও সুসংহত করেছে।

ফলাফল সম্পর্কে এনএসইউ উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও প্রশাসনের সম্মিলিত নিষ্ঠা ও পরিশ্রমের প্রতিফলন। নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, যাতে আমাদের শিক্ষার্থী ও শিক্ষকেরা বৈশ্বিক পরিসরে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারেন।’

ভবিষ্যতেও বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিশ্রুতিবদ্ধ।