এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
‘স্বল্প খরচে মানসম্মত শিক্ষা’ প্রতিপাদ্য নিয়ে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। এ উপলক্ষে গত বুধবার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। শান্তির প্রতীক কবুতর ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন এইউবির প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল হাসান মুহাম্মদ সাদেক। এরপর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের চারপাশ প্রদক্ষিণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউবির উপাচার্য অধ্যাপক শাহজাহান খান, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মুহাম্মাদ জাফর সাদেক, ট্রেজারার অধ্যাপক মো. নূরুল ইসলাম, বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম, এইউবির বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি সালেহা সাদেক, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মেসবাউদ্দিন, এস এম ইয়াছিন আলীসহ অন্য সদস্যরা। এ ছাড়া উপস্থিত ছিলেন এইউবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি ও কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইউবির প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, ১৯৯৬ সালে দক্ষ, যোগ্য ও নৈতিকতাসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলতেই এগিয়ে চলছে এইউবি।
সভাপতির বক্তব্যে এইউবির উপাচার্য অধ্যাপক শাহজাহান খান বলেন, ‘স্বল্প খরচে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যকে সামনে রেখে এ বছরও আমাদের সার্বিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। দক্ষ জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। সুশিক্ষার মাধ্যমে উন্নত দেশ বিনির্মাণে এশিয়ান ইউনিভার্সিটি বদ্ধপরিকর।’
এইউবির রেজিস্ট্রার এ কে এম এনামুল হক সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, ফ্যামিলি ডে ইত্যাদি।
আলোচনা সভা শেষে ‘২৭তম বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে ২৭ পাউন্ড কেক কাটার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।