ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর এসিবিএ ব্যাচ-২১-এর সনদ বিতরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এসিবিএর ব্যাচ-২১–এর শিক্ষা সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকেরা। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১২ জুন ২০২৬ছবি: বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এসিবিএর ব্যাচ-২১–এর শিক্ষা সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার (১২ জুন ২০২৬) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইবিএর পরিচালক অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসিবিএ কোর্সের মডারেটর অধ্যাপক মো. মহিউদ্দিন এবং এমডিপি প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক মো. রিদওয়ানুল হক কোর্সের বিভিন্ন কার্যক্রমের ওপর বক্তব্য দেন।

আরও পড়ুন

প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক আবদুস সালাম অংশগ্রহণকারীদের এ অর্জনের জন্য অভিনন্দন জানান এবং সফল কর্মজীবন গঠনে নেতৃত্ব, সততা ও নিরন্তর আত্মোন্নয়নের গুরুত্বের ওপর জোর দেন। তিনি আইবিএকে যুগোপযোগী কোর্স চালুর জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটিতে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ অংশগ্রহণকারীদের নিষ্ঠার প্রশংসা করেন এবং মানসম্মত নির্বাহী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সক্ষম ব্যবসায়িক নেতা তৈরিতে আইবিএর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, বিভিন্ন খাতের পেশাজীবীদের মধ্যে ব্যবস্থাপনাগত ও নেতৃত্বের দক্ষতা শক্তিশালীকরণে এসিবিএ কার্যক্রমটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

বিজ্ঞপ্তি

অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্যে অংশগ্রহণকারীরা সনদ গ্রহণ করেন।

আইবিএর শিক্ষকসহ সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে কোর্সের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সব ক্ষেত্রে উৎকর্ষ সাধনের ব্যাপারে উৎসাহ প্রদান করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

আরও পড়ুন
আরও পড়ুন