বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য হলেন আইইউবির অধ্যাপক শাহ এমরান

অধ্যাপক মো. শাহ এমরানছবি: আইইউবি

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. শাহ এমরান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) পূর্ণকালীন সদস্য নিযুক্ত হয়েছেন। গত রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, চার বছরের জন্য তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে কাউন্সিলে মোট তিন সদস্য নিয়োগ পেয়েছেন, তাঁদের একজন অধ্যাপক এমরান। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মো. শাহ এমরান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর এবং জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক মো. শাহ এমরান ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এর আগে তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ইউনিক ফার্মাসিউটিক্যালসে প্রোডাকশন ফার্মাসিস্ট এবং জেসন ফার্মাসিউটিক্যালসে কোয়ালিটি অ্যাসুরেন্স কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

দেশি–বিদেশি পিয়ার–রিভিউড জার্নালে শাহ এমরানের ১৭৫টির বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ১৬টি বই ও পাঁচটি বইয়ের অধ্যায়ের রচয়িতা। তাঁর তত্ত্বাবধানে ২৩ জন এমফার্ম, ৫ জন এমফিল ও ৬ জন পিএইচডি গবেষক গবেষণা সম্পন্ন করেছেন। তিনি ২০২৫ সালে অধ্যাপক হিসেবে আইইউবিতে যোগ দেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল দেশের উচ্চশিক্ষা খাতে মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশনের দায়িত্বপ্রাপ্ত একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭–এর অধীনে প্রতিষ্ঠিত এই কাউন্সিল জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও তাদের শিক্ষা কার্যক্রমের অ্যাক্রেডিটেশন দিয়ে থাকে।