চাকরি-ইন্টার্নশিপের সুযোগ, স্টামফোর্ডে ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত

ছবি: বিজ্ঞপ্তি

হাতে জীবনবৃত্তান্ত, চোখে নতুন কর্মজীবনের স্বপ্ন। সকাল থেকেই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে ছিল তরুণদের প্রাণচাঞ্চল্য। দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ এবং ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা—সবকিছু মিলিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’।

গতকাল শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী এ আয়োজনে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (CCPC) উদ্যোগে এবং জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস, জেসিআই ঢাকা হেরিট্যাজ ও জেসিআই ঢাকা ইমপ্যাক্ট সহযোগিতা করেছে।

ক্যারিয়ার এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ফারাহনাজ ফিরোজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরিফ নাফে আস-সাবের।

আয়োজকদের ভাষ্য, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এক হাজারের বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ভিড় করেন। কেউ সরাসরি সিভি জমা দেন, কেউ প্রতিষ্ঠানগুলোর নিয়োগপ্রক্রিয়া, প্রয়োজনীয় দক্ষতা ও ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে তথ্য নেন।

ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা বিশেষ করে নতুন চাকরিপ্রত্যাশী ও ইন্টার্নশিপে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ ও করপোরেট প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তব ধারণা নেওয়ার সুযোগ পান।