কবি নজরুল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) ‘Research Proposal and Column Writing: Career Planning’ শিরোনামে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় গবেষণা প্রস্তাবনা, বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ, করপোরেট ও চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, গণমাধ্যমে কাজের সুযোগ এবং প্রিন্ট মিডিয়ায় কাজের সুযোগ সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
গবেষণা প্রস্তাবনা বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আগ্রিকালচারাল ইকোনমিকস বিভাগের অধ্যাপক মো. সাইদুর রহমান, বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বিস্তৃত ধারণা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচারাল ইকোনোমিকস বিভাগের অধ্যাপক মো. নাহিদ সাত্তার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক সামসুন নাহার। কর্মশালায় করপোরেট ও চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বিষয়ে আলোচনা করেন খান ওহাব এস আর অ্যান্ড কো. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার মো. কামরুজ্জামান। গণমাধ্যমে কাজের সুযোগ ও প্রিন্ট মিডিয়ায় কাজের সুযোগ সম্পর্কে সম্যক ধারণা দেন এটিএন বাংলার ডেপুটি এক্সিকিউটিভ প্রডিউসার (নিউজ) সৈয়দ শাহানশাহ রাসেল ও আমীন আল রশীদ (সাংবাদিক, লেখক ও গবেষক) কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ও সঞ্চালক, নেক্সাস টেলিভিশন।
অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন গবেষণা সংসদের উপদেষ্টা হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম।
কর্মশালার পৃষ্ঠপোষক হিসেবে ছিল উত্তরা ব্যাংক পিএলসি, প্রিস্টিন ফার্মাসিউটিক্যালস এবং গ্রামীণ উন্নয়ন কর্ম। সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ডকুমেন্টেশন এক্সিকিউটিভ মুন্নি চৌধুরী এবং তরুণ গবেষক সুমাইয়া ইসলাম সুচি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় গবেষণা সংসদের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক সাখাওয়াত হোসেন সরকার ও অধ্যাপক রাজু আহমেদ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়শিক্ষকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তানজিল হোসাইন এবং হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন গবেষণা সংসদের সভাপতি সুমন শেখ এবং সম্ভাষণ বক্তৃতায় ছিলেন গবেষণার সংসদের সাধারণ সম্পাদক আবু ইরফান।