ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘রোবোট্রনিকস ফেস্ট’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আরএমই-ডিইউ স্টুডেন্ট ক্লাবের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রোবোট্রনিকস ফেস্ট ২০২৫’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আগামী শনি ও রোববার (৯ ও ১০ আগস্ট) অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহৎ এই উদ্ভাবনী প্রযুক্তি প্রতিযোগিতা। শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ।

রোবোট্রনিকস ফেস্টে দেশের প্রায় ৫০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। দুই দিনব্যাপী এ আয়োজনে থাকছে পাঁচটি চ্যালেঞ্জিং ও আকর্ষণীয় সেগমেন্ট—সকারবট, লাইন ফলোয়ার রোবট, মাইক্রোমাউস, ডিইউ এআই চ্যালেঞ্জ (ডেটাথন) এবং প্রজেক্ট শোকেস। প্রতিটি সেগমেন্টেই অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং উদ্ভাবনী চিন্তাধারার চমৎকার বহিঃপ্রকাশ ঘটবে।

সকারবট সেগমেন্টে প্রতিযোগীরা রিমোট কন্ট্রোল রোবট পরিচালনা করে প্রতিপক্ষের বিপক্ষে কৌশলগতভাবে গোল দেওয়ার চেষ্টা করবে। ‘লাইন ফলোয়ার রোবট’ এবং ‘মাইক্রোমাউস’ ইভেন্টে অংশগ্রহণকারীদের সফটওয়্যার ও হার্ডওয়্যার ইন্টিগ্রেশন, সেন্সর ডেটা বিশ্লেষণ এবং পথনির্ধারণ অ্যালগরিদম বাস্তবায়নের দক্ষতা যাচাই করা হবে। ‘ডেটাথন’-এ শিক্ষার্থীরা বাস্তব সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ডেটা অ্যানালিসিস, মডেলিং ও প্রেডিকশন করবে। অন্যদিকে ‘প্রজেক্ট শোকেস’-এ শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণাভিত্তিক ধারণা উপস্থাপন করবে।

প্রতিটি সেগমেন্টে প্রথম পুরস্কার থাকছে ২৫ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহারসামগ্রী ও সনদ। প্রতিটি দলে সর্বোচ্চ চারজন শিক্ষার্থী অংশ নিতে পারবেন।

রোববার (১০ আগস্ট) বিকেলে আয়োজিত হবে সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। সেদিন বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রোবোট্রনিকস ফেস্ট কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং এটি হবে ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের একটি অনুপ্রেরণাদায়ী যাত্রা। এই আয়োজনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা একে অপরের কাজ থেকে শিখতে পারবে, নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে এবং একযোগে কাজ করার সক্ষমতা অর্জন করবে, যা ভবিষ্যতের ইন্ডাস্ট্রি ও গবেষণাক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোবোট্রনিকস ফেস্টের প্রেজেন্টিং পার্টনার বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, টেকনিক্যাল পার্টনার বিডিরেন, সাপোর্ট পার্টনার ওয়াকার ফুটওয়্যার, সিলভার পার্টনার এমআইএস সলিউশনস, সিনকোস ও টেকশপবিডি, ইন্টারনেট পার্টনার ডট ইন্টারনেট এবং অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো।

বিস্তারিত জানতে ভিজিট করুন ফেসবুক ইভেন্ট পেজ এবং ওয়েবসাইট