তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সনদ বিতরণ
তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের বালক শাখায় সম্প্রতি এথিকস ক্লাব বাংলাদেশ একটি মতবিনিময় সভার আয়োজন করে। বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে আয়োজিত সভায় দিবা শাখার শতাধিক ছাত্রের উপস্থিতিতে এথিকস ক্লাব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন এথিকস ক্লাব বাংলাদেশ সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ও এর প্রধান নির্বাহী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিলারা আফরোজ খান রূপা।
বর্তমান বাস্তবতায় নৈতিক শিক্ষা, সৎ সাহস ও সততার প্রয়োজনীয়তা দিলারা আফরোজ শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরেন এবং নীতিচর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে প্রতিটি বিদ্যালয়ে এথিকস ক্লাবের পরিষদ গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরীণ খান রূপা ও এথিকস ক্লাব বাংলাদেশের সমন্বয়কারী চিত্রশিল্পী জাহিদ মুস্তাফা। সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোবারক আলী, এথিকস ক্লাবের সংগঠক শিল্পী আকতারসহ অন্য সদস্যরা।
তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরীণ খান এথিকস ক্লাব প্রতিষ্ঠা ও এর কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে তাঁর প্রতিষ্ঠানকে যুক্ত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে অচিরেই একটি কমিটি গঠনের আশ্বাস দেন এবং এথিকস ক্লাব নেতাদের প্রশংসা করেন। সবশেষে গত ফেব্রুয়ারিতে এথিকস ক্লাবের কার্যক্রমে যুক্ত হওয়া তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের দিবা শাখার ৪০ শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়।