এনএসইউতে ‘ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড স্মাগলিং অব মাইগ্র্যান্টস’ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান’ শীর্ষক সার্টিফিকেট কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরাছবি: বিজ্ঞপ্তি

নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের গবেষণা কেন্দ্র ‘এনএসইউ সেন্টার ফর লিগ্যাল রিসার্চ’-এর আয়োজনে ‘ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড স্মাগলিং অব মাইগ্র্যান্টস’ (মানব পাচার ও অভিবাসী চোরাচালান) শীর্ষক সার্টিফিকেট কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) যৌথ অর্থায়ন ও সহযোগিতায় এ কোর্সের আয়োজন করা হয়েছিল।

উদ্যোগটি মূলত ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত আঞ্চলিক প্রকল্প ‘প্রিভেন্টিং অ্যান্ড অ্যাড্রেসিং ট্রাফিকিং ইন হিউম্যান বিয়িংস অ্যান্ড স্মাগলিং অব মাইগ্র্যান্টস ইন সাউথ এশিয়া’-এর একটি অংশ। আয়োজনের মূল লক্ষ্য হলো ফৌজদারি বিচারব্যবস্থার প্রতিক্রিয়া জোরদার করা, আন্তর্জাতিক আইনি কাঠামো সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং এসব অপরাধ দমনে মানবাধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইইউ প্রতিনিধিদলের ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড মাইগ্রেশন বিভাগের অ্যাটাশে পিনার এলম্যান; ইউএনওডিসির মানব পাচার ও অভিবাসী চোরাচালান শাখার অপরাধ প্রতিরোধ, ফৌজদারি বিচারবিষয়ক কর্মকর্তা এবং আইন প্রয়োগ বিশেষজ্ঞ মার্কাস ভিনিসিউস পেস এবং ইউএনওডিসি দক্ষিণ এশিয়ার ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাসনিম বিনতে করিম। অধিবেশনে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সহ–উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ।

স্বাগত বক্তব্যে দেন এনএসইউর আইন বিভাগের প্রধান অধ্যাপক ইশতিয়াক আহমেদ। স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম বক্তব্যে আইন প্রণয়ন প্রক্রিয়ায় শিক্ষাবিদদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার ওপর জোর দেন, যাতে আইনগুলো সুনির্দিষ্ট ও কার্যকর হয়।

পিনার এলম্যান বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান মানবাধিকারের চরম লঙ্ঘন, যা সাধারণত নারী ও শিশুদের বেশি ক্ষতিগ্রস্ত করে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা ও বিচারিক ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধের ওপর জোর দেয়।

মার্কাস ভিনিসিউস পেস তরুণ প্রজন্মকে জীবনের বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন। অন্যদিকে তাসনিম বিনতে করিম সংঘবদ্ধ অপরাধ দমন ও আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ইউএনওডিসি দক্ষিণ এশিয়ার চলমান বিভিন্ন উদ্যোগের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।

কোর্সে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ শেষে সভাপতির বক্তব্যে অধ্যাপক নেছার ইউ আহমেদ এসব সমস্যা সমাধানে ইউএনওডিসি এবং ইইউর বিনিয়োগের কথা উল্লেখ করেন এবং এমন একটি সময়োপযোগী সার্টিফিকেট কোর্স আয়োজনে অনুষ্ঠানের সাফল্যের কথা তুলে ধরেন।

শেষে অতিথি বক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।