ঢাকায় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’। গতকাল শনিবার এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড আয়োজিত এক্সপোতে অংশ নেয় অস্ট্রেলিয়ার ৩০টি বিশ্ববিদ্যালয়।
রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত এক্সপোর উদ্বোধন করেন এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রব্বানী হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সাজ্জাদুর রহমান, মহাব্যবস্থাপক ফারহানা নাজরিন এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
মোহাম্মদ রব্বানী হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর কারণ আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণার সুযোগ, আধুনিক শিক্ষাব্যবস্থা, বহুসাংস্কৃতিক পরিবেশ এবং শিক্ষা শেষে কর্মসংস্থানের সম্ভাবনা। তাই ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য ও দিকনির্দেশনা দিতেই এ আয়োজন।
দিনব্যাপী এই এক্সপোতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের একাডেমিক যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কোর্স নির্বাচন, ভর্তিপ্রক্রিয়া, টিউশন ফি, স্কলারশিপ, স্টুডেন্ট ভিসা, আর্থিক পরিকল্পনা, পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরির সুযোগ এবং শিক্ষা শেষে সম্ভাব্য ক্যারিয়ার নিয়ে বিস্তারিত তথ্য ও পরামর্শ নেন।
এক্সপোতে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি, ম্যাককুয়েরি ইউনিভার্সিটি, অ্যাডিলেড ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।