স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ইনডোর গেমস অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) দুই দিনব্যাপী ইনডোর গেমস অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের আইটি ক্লাব এই খেলার আয়োজন করে। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ আয়োজনে ছিল টেবিল-টেনিস, ক্যারাম, দাবা ও রুবিক্স কিউব। টেবিল টেনিস দ্বৈততে চ্যাম্পিয়ন হয় আবু তালহা ও শিহাব উদ্দীন, রানার্সআপ জাকির হোসেন ও রাকিব আহমেদ; টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন তানভির আনজুম, রানারআপ মুজাহিদ হোসেন মজুমদার; রুবিক্স কিউবে চ্যাম্পিয়ন ইব্রাহিম হোসেন; দাবায় চ্যাম্পিয়ন মো. জাকির হোসেন, রানারআপ সাকিব সরকার; ক্যারাম চ্যাম্পিয়ন শাহাদাত আলী ও সরোয়ার হোসাইন, রানার্সআপ গোলাম রাব্বানী ও সৌখিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়টির ইনডোর গেমস ২০২৩ এর সেরা নারী খেলোয়াড় হয়েছেন কানিজ ফাতেমা, সেরা পুরুষ খেলোয়াড় ইব্রাহিম হোসেন ও তানভীর আনজুম।
টুর্নামেন্টের টাইটেল স্পনসর ছিল জাপানের পানি পরিশোধন ব্র্যান্ড টরেভিনো এবং কো-স্পনসর ছিল বাংলাদেশের সংবাদ উপস্থাপনা প্রতিষ্ঠান লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল আউয়াল খান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করবে, খেলাধুলা করবে, বিভিন্ন ক্লাব কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। তবেই তাঁরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে সক্ষম হবে। এ সময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য খেলাধুলায় যতটা সহযোগিতা দরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা করবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. লুৎফর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও টরেভিনোর পরামর্শক এস এম নাসের ইকবাল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মুজিবুর রহমান, স্পোর্টস ক্লাবের সমন্বয়ক আবু নাজিম, হেড অব পাবলিক রিলেশনস রাইসুল হক চৌধুরী প্রমুখ।