নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে হিট সাব প্রজেক্টের অর্থায়নে ‘পাথওয়েজ টু হায়ার এডুকেশন ইন ফরেন কান্ট্রিজ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকালে পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘প্রায় প্রত্যেক শিক্ষার্থীই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী, তবে তাদের কেউ যেতে পারে, কেউ যেতে পারে না। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সেই দেশের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে এগোতে হবে। শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য অনেক স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। তবে না জানার কারণে অনেকেই সে সুযোগ গ্রহণ করতে পারে না। তবে আমি মনে করি, আমাদের শিক্ষার্থীরা অন্যান্য দেশের শিক্ষার্থীদের চেয়ে বেশি মেধাবী। শুধু তাদের সেই মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।’
উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে হলে তোমরা অবশ্যই স্কলারশিপ নিয়ে যাবে। উচ্চশিক্ষা গ্রহণের জন্য আগে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর সেই লক্ষ্যানুযায়ী এগিয়ে যেতে হবে; তবেই তোমরা সফলকাম হতে পারবে। তবে অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর দেশে প্রত্যাবর্তন করে না। আমি এসব মেধাবী তরুণকে বলব, তোমরা শিক্ষা শেষে দেশে ফিরে এসে দেশের কল্যাণে অর্জিত জ্ঞানকে কাজে লাগাও।’
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের এইচইএটি (হায়ার এডুকেশন একসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন) সাব-প্রজেক্ট আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ ইমদাদুল হুদা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাজু আহমেদ। স্বাগত বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিট প্রজেক্টের এসপিএম মো. শফিকুল ইসলাম। কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক সাখাওয়াত হোসেন সরকার এএসপিএম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল কাইয়ুম মাসুদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্টের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান।
কর্মশালার উদ্বোধনী পর্বে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ কর্তৃক বিভাগের ২৩ জন অসচ্ছল শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির টাকা কর্মশালার প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন শিক্ষার্থীদের হাতে তুলে দেন।