সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর কোর্স চালু, আইইউবিতে শিল্প খাতের শীর্ষ ব্যক্তিদের অংশগ্রহণে প্যানেল আলোচনা

আইউইবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু অনুষ্ঠানে আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নেন শিল্প খাতের শীর্ষ ব্যক্তিরা
ছবি: আইইউবির সৌজন্যে

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রনিউরশিপের (এসবিই) জেনারেল ম্যানেজমেন্ট বিভাগ আনুষ্ঠানিকভাবে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে ‘ব্রিজিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি: মিট, কানেক্ট, লিড’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক তামিম, আইইউবির সহ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড এসবিইয়ের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাইসুল আওয়াল মাহমুদ।

প্যানেল আলোচনা পরিচালনা করেন বিশ্বখ্যাত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং আইইউবির জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক মো. মামুন হাবিব। তিনি বর্তমান বৈশ্বিক ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।

প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রহিম আফরোজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও সিইও নিয়াজ রহিম, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের পরিচালক মির্জা সজিব রায়হান এবং বিশ্বব্যাংকের পার্টনার মো. মাহবুব আলম।

আলোচনায় আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালুর তাৎপর্য, একাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করার উপায়, বিভিন্ন শিল্পে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিবর্তন, সমসাময়িক চ্যালেঞ্জ এবং এ খাতে সফল ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হোসনে আরা আলী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইউবির জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক আফনান ইউসুফ ও জেরিন মমতাজ চৌধুরী।