শেষ হলো স্টেট ইউনিভার্সিটির উদ্যোক্তা সম্মেলন
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজ সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দিনব্যাপী আয়োজন করেছে উদ্যোক্তা সম্মেলন। সার্বিক সহযোগিতায় ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং ইংরেজি ভাষার শিক্ষকদের সংগঠন টেসোল সোসাইটি অব বাংলাদেশ।
অনুষ্ঠানটি শুরু হয় ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের অ্যাডভাইজর অধ্যাপক সাইদুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর প্রোগ্রামস ডেভিড নক্স। সম্মেলনের মূল বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইংরেজি সাহিত্যবিষয়ক পড়াশোনা কীভাবে উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে সাহায্য করতে পারে, সে বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আর্থিক লাভের ঊর্ধ্বে যে আত্মিক ও মানসিক পরিতৃপ্তি মূল উদ্দীপকের ভূমিকা পালন করে, এ বিষয়টিও উঠে আসে তাঁর আলোচনায়।
উদ্যোক্তাদের জন্য আয়োজিত এ সম্মেলনে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ কীভাবে অনলাইন উদ্যোক্তা হওয়া সম্ভব, সে বিষয়ে আলোকপাত করেন। এ ছাড়া সম্মেলনের অন্যতম বক্তা ছিলেন মিনহাজ আনওয়ার, শারমিন কবীর, কাজী সাবির, মাসুমা খাতুন, শাহ পরান, কাকলী তালুকদার, নিগার ফাতেমা, সিরাজুম মুনিরা, সৈয়দা ক্যামেলিয়া রহমান, দেলোয়ার হোসেন, আহমেদ উল্লাহ সিয়াম, বায়েজিদুর রহমান, উম্মে শাহেরা এনিকা ও জান্নাতি সিনথিয়া।
তা ছাড়া সম্মেলনের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ছিল বিভিন্ন উদ্যোক্তাদের স্টল, যেখানে উদ্যোক্তারা তাঁদের আইডিয়া ও পণ্য প্রদর্শন করেছেন।
দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীরা এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মিঞা মো. নওশাদ কবীর। অনুষ্ঠানটি শেষ হয় ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের প্রভাষক ও বিভাগীয় প্রধান নুশরাত আরার বক্তব্যের মাধ্যমে।