পবিপ্রবির ডিনস মেরিট অ্যাওয়ার্ড পেলেন কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) গতকাল রোববার ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক স্বদেশ চন্দ্র সামান্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল বাসার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বদিউজ্জামান ও অধ্যাপক মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাঁদেরই একজন মো. শফিকুল ইসলাম। তিনি ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে স্বর্ণপদকজয়ী। এবার পেলেন ডিনস মেরিট অ্যাওয়ার্ড। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি চীনের উহানের জংনান ইউনির্ভাসিটি অব ইকোনমিকস অ্যান্ড ল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।