অনার্সে পড়া বন্ধ হওয়া শ্রাবণীরা তাঁতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন
২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর। উপকূলের প্রকৃতি ও মানবতাকে লন্ডভন্ড করে দিয়েছিল সিডর। প্রাণ, প্রকৃতি ও প্রতিবেশের ওপর সিডর যে ভয়ংকর ছাপ রেখে গেছে, তা উপকূলবাসীকে এখনো তাড়া করে ফেরে। পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার শ্রাবণী রাখাইন সেদিনের কথা স্মরণ করে বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের প্রতিটি ঘরের চাল উড়ে গিয়েছিল। ঝড়ে বাড়ির সব কটি নারকেল ও আমগাছ উপড়ে যায়। বাঁধানো পুকুরের চাষের মাছ মুহূর্তে ভেসে যায়। আমাদের পাড়ায় একটিই শাল কাঠের ঘর ছিল। আমরা সেই ঘরে আশ্রয় নিয়েছিলাম। তাই কোনোরকমে প্রাণে বেঁচেছি।’
সিডরের পর আইলা, মহাসেন, ফণী, বুলবুল, আম্পান, নার্গিসের মতো ছোটবড় প্রাকৃতিক দুর্যোগ প্রতিবছর উপকূলীয় অঞ্চলে আঘাত হানছে। বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, ভোলা, পিরোজপুরসহ উপকূলীয় জেলাগুলোর হাজারো মানুষ প্রতিবছর ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছে। হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে পাড়ি দিচ্ছে শহরে। দশকের পর দশক শহুরে বস্তিতে উন্মূল জীবন পার করছে তারা। আর যারা নিজ ভূমে মাটি কামড়ে পড়ে রয়েছে, তারা প্রতিনিয়ত মানবেতর জীবন যাপন করছে। প্রতিনিয়ত শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের মতো মৌলিক–মানবিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
সিডরের সময় শ্রাবণী রাখাইন অষ্টম শ্রেণিতে পড়তেন। নানা কাঠখড় পুড়িয়ে ২০১০ সালে মাধ্যমিক ও ২০১২ সালে উচ্চমাধ্যমিকের দুয়ার ডিঙিয়ে শ্রাবণী ভর্তি হয়েছিলেন পটুয়াখালী সরকারি কলেজে। রাষ্ট্রবিজ্ঞানে অনার্সপড়ুয়া শ্রাবণীর শিক্ষাজীবন মাঝপথে থেমে গেছে। তিনি বলেন, ‘আমার বাড়ি কানাকুনি রাখাইনপাড়া থেকে প্রতিদিন পটুয়াখালী জেলা শহরে যাওয়া অসম্ভব। পটুয়াখালীতে থেকে পড়াশোনা করব, সেই আর্থিক সংগতিও নেই। তাই অনার্সে ভর্তি হয়েও আমার উচ্চশিক্ষার পথ রুদ্ধ হয়ে গেছে। তবে ইউএনডিপির জলবায়ু পরিবর্তন বিষয়ে স্থানীয় সরকারের উদ্যোগ শীর্ষক প্রকল্প (লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ-লজিক) আমাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ দিয়েছিল। এটি আমাদের কাজে লেগেছে।’
শ্রাবণীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কানাকুনিপাড়ায় ২৫টি রাখাইন পরিবারের বাস। প্রায় প্রতিটি পরিবারের আর্থিক উপার্জনের প্রধান অবলম্বন কৃষিকাজ। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে জমিতে লবণাক্ততার কারণে প্রধান ফসল ধান ও মুগ ডালের আবাদ কমে গেছে। আর ছোটবড় প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর খেতের ফসল নষ্ট হচ্ছে। জলোচ্ছ্বাসের সময় সৃষ্টি হওয়া বন্যায় চাষের পুকুরের মাছ ভেসে যায়। ফলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়া প্রতিটি পরিবারের সদস্যরা শিক্ষার মতো মানবিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া পাড়াটির আশপাশে সুপেয় পানির আধার নেই বললেই চলে। শুষ্ক মৌসুমে মিঠাপানির অভাব প্রকট আকার ধারণ করে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে রাখাইনপাড়ার পরিবারগুলো আশ্রয়ণকেন্দ্রে ঠাঁই পায় না বললেই চলে। আশ্রয়ণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রাখাইনপল্লি থেকে বেশ দূরে অবস্থিত। তাই যেকোনো দুর্যোগে বিদ্যালয়ের আশপাশের বাসিন্দা দ্রুত আশ্রয়ণকেন্দ্রে পৌঁছাতে পারে। বেশি দূরত্বের কারণে দেরিতে পৌঁছায় রাখাইনপল্লির বাসিন্দারা। সেখানে জায়গার অভাবে কেন্দ্রগুলোতে তারা আশ্রয় পায় না। এত প্রতিকূলতার মধ্যেও শ্রাবণী রাখাইনরা কারও মুখাপেক্ষী না থেকে ঘুরে দাঁড়াতে চান।
ঐতিহ্যগতভাবে রাখাইন পরিবারগুলোতে তাঁতে কাপড় বোনার প্রচলন আছে। বাণিজ্যিকভাবে কাপড় বুনতে চান রাখাইন তরুণ-তরুণীরা। কিন্তু তাঁদের উৎপাদিত পণ্য কিনবে কে? সুতা-কাপড় বেচাবিক্রির কোনো বাজার আশপাশে গড়ে ওঠেনি। তাই রাখাইনপল্লির তাঁতগুলো পারিবারিক প্রয়োজনের বাইরে ব্যবহৃত হচ্ছে না।
এ প্রসঙ্গে শ্রাবণী রাখাইন বলেন, ‘বাড়ির তাঁতগুলো থেকে আমরা বাণিজ্যিকভাবে কাপড় বুনতে পারি। এক্ষেত্রে আমাদের আর্থিক সহযোগিতার পাশাপাশি প্রয়োজন উৎপাদিত কাপড়ের সহজলভ্য বিপণনব্যবস্থা গড়ে তোলা। সরকারি-বেসরকারি উদ্যোগে আমাদের উৎপাদিত কাপড় বিক্রির ব্যবস্থা করা গেলে বিশ্বাস করি, আমরা শত প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়াতে পারব।’