‘আঁকাআঁকিতে কাঁচা’ সব্যসাচী যেভাবে কার্টুনিস্ট হলেন
‘কী সব কার্টুনটার্টুন আঁকিস!’
প্রায়ই কানে আসত এমন কথা। বলতেন বন্ধু, স্বজনেরা। শুনে দমে যেতেন সব্যসাচী চাকমা। অন্য কারও চোখে পড়ার আগেই তাই বন্ধ হয়ে যেত তাঁর আঁকার খাতা।
ছেলেবেলা কেটেছে রাঙামাটিতে। স্কুলও সেখানেই। পড়ালেখায় বেশ ভালো ছিলেন। শুধু একটা বিষয়ে নম্বর তুলতে বড্ড বেগ পেতে হতো। কোন বিষয়? ড্রয়িং। আঁকাআঁকিতে কাঁচা সেই ছেলেরই এবার বইমেলায় একটা কমিকসের বই বেরিয়েছে। নাম গেমার। এটি মূলত বিজ্ঞান কল্পকাহিনি-নির্ভর কমিকস। এর আগে ঢাকা কমিকস থেকেই প্রকাশিত হয়েছে তাঁর লেখা ও আঁকা আরও তিনটি কমিকসের বই—জুম ১ (২০১৮), জুম ২ (২০১৯) ও জুম ৩ (২০২০)।
আগ্রহ থেকে আঁকিয়ে
ড্রয়িং পরীক্ষায় কম নম্বর পেতেন বলে তৃতীয় শ্রেণিতে পড়ার সময় সব্যসাচীকে রাঙামাটি চারুকলা একাডেমিতে ভর্তি করে দিয়েছিলেন মা-বাবা। ছবি আঁকার বিদ্যাটা সেখানেই রপ্ত করেছেন। স্মৃতি থেকে সব্যসাচী বলছিলেন, ‘জানি না কেন ড্রয়িংয়েই খুব খারাপ করতাম। ড্রয়িং স্কুলে শিখেছি অনেক দিন। শুরুতে হয়তো ভালো আঁকতে পারতাম না, তবে আঁকতে ভালোবাসতাম। আর আঁকতামও প্রচুর। রাঙামাটির সৌন্দর্য একদিকে আমার চিন্তার পরিধি যেমন বাড়িয়েছে, তেমনি আঁকার বিষয় পেতেও সাহায্য করেছে। আর ছোটবেলা থেকেই কমিকসের প্রতি আগ্রহও ছিল। ওখানে কমিকসের বই যে খুব বেশি পাওয়া যেত, তা নয়। তবে যা পেতাম, সেটাই বারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে যেত।’
এরই মধ্যে বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন সব্যসাচী চাকমা। কার্টুন এঁকেছেন প্রথম আলোয়। উন্মাদ ও কিশোর আলো ম্যাগাজিনেও তাঁর আঁকা কার্টুন ছাপা হয় নিয়মিত। আর ঢাকা কমিকসের সঙ্গে তো আছেনই। পাঞ্জেরী থেকে প্রকাশিত ‘আশ্চর্য কমিকস ডাইজেস্টে’ স্থান পেয়েছে সব্যসাচীর লেখা ও আঁকা তেজ ১ ও তেজ ২।
বই থেকে ঠোঙা অবধি
কমিকস আঁকার শুরুটা কীভাবে হয়েছিল? সব্যসাচী বললেন, ‘ছোটবেলা থেকে কমিকস পড়তাম, নিজেও আঁকার চেষ্টা করতাম। এঁকে আমার ভাইকে দেখাতাম। তারপর নিজেরাই হাসতাম। বিশ্ববিদ্যালয়ে এসে পড়ালেখার চাপ বাড়ল। তবে যখনই সুযোগ হতো, পেনসিল-খাতা নিয়ে বসে পড়তাম, কমিকস পড়ে হাসাহাসি করতাম। যেহেতু হলে থাকতাম, অনেক বন্ধু আমার কমিকসের প্রতি আগ্রহ নিয়ে মজা করত। তাই আমার আঁকাআঁকি শুরু হতো রাত ১২টার পর। যেন কেউ দেখতে না পায়। অবশ্য কাছের এক বন্ধু প্রশংসাও করত। বড় কোথাও যোগাযোগ করতে বলত। আমার কখনো সাহস হয়নি। হঠাৎ সেই বন্ধুই আমার কিছু আঁকা ও কমিকস ফটোকপি করে উন্মাদ অফিসে পাঠিয়ে দেয়।’
ব্যাস। সেবারই উন্মাদ থেকে ডাক আসে। লুকিয়ে আঁকা কমিকসগুলো ছাপা হয়ে যায় উন্মাদে। সেই থেকে একে একে নানা পত্রিকা, সাময়িকীর কার্টুন-কমিকসের সঙ্গে চোখে পড়ে, ‘লেখা ও আঁকা: সব্যসাচী চাকমা’।
বইটই বেরিয়ে গেলেও এখনো আড়ালে থাকতেই ভালোবাসেন এই আঁকিয়ে-কার্টুনিস্ট। দূর থেকে পাঠকদের প্রতিক্রিয়া দেখতেই বেশি ভালো লাগে। দু-একটা অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন সব্যসাচী। ‘রাঙামাটি থেকে ফিরছিলাম একবার। একজন আমাকে দেখে চিনতে পারলেন। জিজ্ঞাসা করলেন, “জুম সিরিজের কমিকস কি আপনি লিখেছেন?” বললাম, “হ্যাঁ।” তিনি অবাক হয়ে বললেন, “আমি তো এই কমিকস পড়ে হাসতে হাসতে শেষ। দারুণ হয়েছে।” এটাই আসলে আমার অর্জন। আরেকবার চানাচুর খেতে গিয়ে দেখি, ঠোঙায় আমার লেখা কমিকস! অনেক মজা পেয়েছিলাম এটা দেখে।’
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন সব্যসাচী চাকমা। একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বিভাগে। পশুপাখির চিকিৎসা, নাকি কমিকসের লেখা-আঁকা, কোনটা টানে বেশি? সব্যসাচীর বক্তব্য, ‘পড়ালেখা তো প্রায় শেষ। হয়তো ভেটেরিনারি পেশাতেই যাব। কিন্তু যা-ই করি না কেন, কমিকস আঁকা ছাড়ছি না।’