আজ থেকে ঢাবির গ্রন্থাগার দিনে ১২ ঘণ্টা খোলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রন্থাগার খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার থেকে ১২ ঘণ্টা গ্রন্থাগার খোলা থাকবে। এর আগে গ্রন্থাগার দিনে ৭ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। ঢাবির ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক মো. নাসিরউদ্দিন মুন্সী প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।
নাসিরউদ্দিন মুন্সী বলেন, সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকবে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি আজ থেকে কার্যকর হবে।
করোনা পরিস্থিতির কারণে দেড় বছর বন্ধ থাকার পর গত রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার (বিজ্ঞান শাখাসহ) ও সেমিনার গ্রন্থাগারগুলো খুলে দেওয়া হয়। সপ্তাহে পাঁচ দিন (রবি থেকে বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকবে বলে সে সময় জানানো হয়েছিল৷
এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়, করোনার অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে আপাতত স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা গ্রন্থাগারে পড়াশোনা করতে পারবেন। ধাপে ধাপে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদেরও গ্রন্থাগারে পড়ার অনুমতি মিলবে।
এদিকে খোলার প্রথম দিনে রোববার মূল গ্রন্থাগারে স্বাস্থ্যবিধি ও প্রমাণপত্র-পরিচয়পত্রের বিষয়টি নজরদারি করা সম্ভব হলেও বিজ্ঞান শাখায় তা সম্ভব হয়নি। সেদিন সকালে গ্রন্থাগারের বিজ্ঞান শাখায় ঢোকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। শিক্ষার্থীরা গ্রন্থাগার খোলা রাখার সময় বাড়ানোর দাবিও তোলেন সেখানে। এর পর থেকে ওই গ্রন্থাগারে প্রবেশে প্রমাণপত্র-পরিচয়পত্রের বিষয়টি নজরদারির কোনো ব্যবস্থা দেখা যায়নি।
করোনা পরিস্থিতিতে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। গ্রন্থাগারগুলোও বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে গত বছরের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের বিজ্ঞান শাখার চারদিকের বারান্দায় চেয়ার-টেবিল বসিয়ে পড়াশোনা করতে থাকেন চাকরিপ্রত্যাশী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। গত এক বছর চাকরিপ্রত্যাশীরা এভাবে পড়াশোনা করায় অভ্যস্ত হয়ে পড়েছেন বলে মনে করেন ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক নাসিরউদ্দিন মুন্সী। তাই গ্রন্থাগার খুলে দেওয়ার পর মূল গ্রন্থাগারে তেমন ভিড় হয়নি বলে ধারণা তাঁর।