ইউআইইউতে ফল-২০২১ শিক্ষার্থীদের নবীনবরণ
বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ফল-২০২১–এর আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ইউআইইউ খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনাইটেড গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাঈনুউদ্দিন হাসান রশিদ প্রধান অতিথি হিসেবে নবীনবরণে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য চৌধুরী মোফিজুর রহমান।
মাঈনুউদ্দিন হাসান রশিদ বৈশ্বিক মহামারি–পরবর্তী শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হওয়া এবং ক্যাম্পাসের সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
সভাপতির বক্তৃতায় ইউআইইউর উপাচার্য চৌধুরী মোফিজুর রহমান শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নানামুখী দক্ষতা অর্জনের পাশাপাশি অভিভাবকদের সন্তানের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) লে. কর্নেল মো. ফজলুল হক (অব) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মাবলি তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য আবুল কাশেম মিয়া, সাবেক উপাচার্য এবং আইএআরের নির্বাহী পরিচালক অধ্যাপক এম রিজওয়ান খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন স্টুডেট অ্যাফেয়ার্সের পরিচালক মো. মঞ্জুরুল হক খান।